পরিবার যেখানে নিঃশব্দে আঘাত করে
মোহাম্মদ জাহিদ হোসেন
বিশ্লেষণধর্মী। জানুয়ারি ০২, ২০২৬
আপনার পরিবার কি কখনো আপনাকে কষ্ট দিয়েছে—কিন্তু সেইভাবে, যা কাউকে দেখিয়ে বলা যায় না?
আমরা সহিংসতা বলতে যা বোঝি,তা খুবই স্পষ্ট।
চিৎকার, মারধর, গালাগালি।
এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব।
কিন্তু কিছু কষ্ট আছে,যা কাউকে বোঝানো যায় না—কারণ সেগুলো নিঃশব্দ।
পরিবারের অন্দরে এই নিঃশব্দ সহিংসতা ঠিক তেমনই।
এখানে কেউ রাগে না,কেউ চেঁচায় না।
সবাই যেন “ভালো” আছে।
আর এই ভালো থাকার মাঝেই কেউ একজন আস্তে আস্তে মিলিয়ে যায়।
একটি শিশু যখন কিছু বলতে গিয়ে চুপ করে যায়,
কারণ সে বুঝে গেছে—“এটা বললে ঠিক হবে না।”
একজন কিশোর যখন নিজের ভয়, সংশয়, বিভ্রম লুকিয়ে রাখে,কারণ সে শিখেছে—
“এসবের কোনো মূল্য নেই।”
একজন মানুষ যখন বড় হয়ে আর কারো কাছে নিজেকে খুলে ধরতে পারে না—সেখান থেকেই শুরু হয়েছিল এই নীরবতা।
এই আঘাতের কোনো নির্দিষ্ট তারিখ নেই। কোনো একক ঘটনা নেই।এটা জমে জমে গড়ে ওঠে।
বছরের পর বছর ধরে।
কেউ আপনার কথা শোনেনি। কেউ আপনাকে বোঝার চেষ্টাই করেনি।কেউ আপনার কষ্টকে তুচ্ছ করে দেখেছে।আর আপনি ভেবেছেন—“নিশ্চয়ই আমারই দোষ।”
সবচেয়ে ভয়ানক ব্যাপারটা এখানে।নিঃশব্দ সহিংসতা মানুষকে শেখায়—নিজের ওপর সন্দেহ করতে।
আপনি ভাবতে শুরু করেন,আমি কি অতিরিক্ত ভাবছি?
আমি কি বিনা কারণে কষ্ট পাচ্ছি?
আমি কি অভিনয় করছি?
এভাবে একজন মানুষ নিজের অনুভূতির ওপর ভরসা হারিয়ে ফেলে।আর যে নিজের অনুভূতিকে বিশ্বাস করতে পারে না,সে জীবনে অনেক কিছু সহ্য করে নেয়—যা তার সহ্য করা উচিত ছিল না।
অনেক পরিবার বলে,“আমরা তো তোমার ভালোই চেয়েছি।”হয়তো সত্যিই চেয়েছে।কিন্তু ভালো চাওয়ার নামে যদি কাউকে চুপ করিয়ে দেওয়া হয়,
তার অনুভূতিকে নাকচ করে দেওয়া হয়,
তাকে নিজের মতো হয়ে উঠতে না দেওয়া হয়—
তাহলে সেই ভালোবাসাও আঘাতে পরিণত হয়।
এই লেখা অভিযোগ করার জন্য নয়। কারণ বেশিরভাগ মানুষ ইচ্ছে করে ক্ষতি করে না।
তারাও তো শিখে আসেনি কীভাবে কথা বলতে হয়,
কীভাবে শোনতে হয়,কীভাবে আঘাত না দিয়ে ভালোবাসতে হয়।
কিন্তু বোঝা মানে এই নয় যে সবকিছু চোখ বুজে মেনে নিতে হবে।
অনেকে সারা জীবন পরিবারকে সম্মান করতে করতে নিজেকে ছোট করে ফেলে।
কারণ তাকে শেখানো হয়েছে—পরিবার মানেই সহ্য করা।
কিন্তু সহ্য করা আর সুস্থ থাকা এক জিনিস নয়।
আপনি যদি আজও সম্পর্কের মধ্যে অকারণে ভয় পান, ভালোবাসা পেলে সন্দেহ করেন,
নিজের কথা বলতে গিয়ে গলা বন্ধ হয়ে আসে—
তাহলে হয়তো আপনি এই নিঃশব্দ সহিংসতারই শিকার।
এটা দুর্বলতা নয়।এটা একটা ব্যাখ্যা।
আপনার কষ্টের একটা নাম আছে। আপনার অভিজ্ঞতা সত্যি। আপনাকে আঘাত করা হয়েছে—
নিঃশব্দে।
হয়তো তারা কোনোদিন ক্ষমা চাইবে না।হয়তো তারা বুঝবেই না। কিন্তু আজ অন্তত আপনি নিজে বলতে পারেন—“আমি যা অনুভব করেছি, তা সত্য।”
এই স্বীকৃতিটাই প্রথম স্বাধীনতা।এটা কারো বিরুদ্ধে নয়।এটা নিজের পাশে দাঁড়ানো।
এখন প্রশ্নটা খুব সরল, কিন্তু গভীর—আপনি কি নিজের সেই নিঃশব্দ কষ্টটাকে আর নাকচ করবেন,
নাকি প্রথমবারের মতো সেটাকে মূল্য দেবেন?
যদি এই লেখা কোথাও গিয়ে আপনাকে থামিয়ে দেয়—শুধু লিখুন: “আমি বুঝেছি।”
আর যদি মনে হয়, এই কথাগুলো কারো কাজে লাগবে।
#পরিবারেরনিঃশব্দসহিংসতা #চুপচাপট্রমা
#আবেগীঅবহেলা #নিঃশব্দকষ্ট
#মানসিকস্বাস্থ্য#নিজেকেবোঝা #হৃদয়েরকথা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।