সমাজ গঠনে নৈতিকতা
মোহাম্মদ জাহিদ হোসেন
বিশ্লেষণধর্মী।জানুয়ারি, ০৩,২০২৬
নীতিমালা, চরিত্র ও ভদ্রতার ভিত্তিতে মানুষের আচরণকে আমরা নৈতিকতা বলি। নৈতিকতা, ইংরেজিতে “Morality”, হলো সঠিক ও ভুল, উচিত ও অনুচিতের বিচক্ষণ বিচারে সহায়ক একটি শক্তি। এটি নির্দিষ্ট আদর্শ, ধর্ম বা সংস্কৃতির ওপর ভিত্তি করে গড়ে উঠতে পারে। আবার, এটি সমগ্র মানবসমাজের কল্যাণে প্রেরণা জোগানোর একটি মানদণ্ড হিসেবেও বিবেচিত হয়। নৈতিকতা শুধু আচরণ নয়; এটি জীবনের প্রতি একদম অন্তর্নিহিত দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারার প্রতিফলন।
আমরা কি সত্যিই ভালো আছি? নিজের অবস্থান নিয়ে আমরা কি সন্তুষ্ট? না, বরং প্রতিনিয়তই নিজের ও পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমাদের ভয়, উদ্বেগ ও দুশ্চিন্তা জন্মায়—তারা কেমন থাকবে, কোন পৃথিবীতে থাকবে—এমন প্রশ্নে।
বিশ্ব থেমে নেই। প্রযুক্তি, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি এগিয়ে চলছে, কিন্তু তাতে হারিয়ে যাচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক সংস্কৃতি। সমাজের শিরা-প্রশিরায় ঢুকে পড়ছে অনৈতিকতা, অশিক্ষা ও অপসংস্কৃতি। আমরা ভ্রমে আছি এই আবহে, যেখানে জ্ঞান, বিবেক ও প্রজ্ঞা সৃষ্টিকর্তার প্রদত্ত বিশেষ অনন্য ক্ষমতা, মানুষের জীবনকে অন্য প্রাণীর তুলনায় আলাদা করে—মানুষ ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বিচার করতে পারে।
কিন্তু আইন বা শাস্তি একাই সমাজকে সুশৃঙ্খল করতে পারে না। তাই নৈতিক শিক্ষার প্রয়োজন অপরিহার্য। মানুষকে কেবল আইন মানতে নয়, তা মানার মানসিকতা সৃষ্টি করতেই মূল লক্ষ্য। নৈতিক শিক্ষা মানুষের জীবনকে পরিশুদ্ধ করে, দৈনন্দিন আচরণে সৎ পথে পরিচালিত করে। এটি স্বার্থপরতা, লোভ, অনৈতিক প্রলোভন থেকে রক্ষা করে। শিক্ষার এই শক্তি মানুষের মনোবল জাগিয়ে তোলে, দুর্নীতি ও অন্যায়কে প্রত্যাখ্যান করার সাহস দেয়।
নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে তৈরি হয় জীবনধারার মূল দিকনির্দেশনা। ব্যক্তির অবস্থান, আচরণ, ন্যায়পরায়ণতা, সততা ও নৈতিক অগ্রাধিকার—এই সব একত্রে গড়ে তোলে মানুষের জীবনযাত্রাকে সুন্দর ও সুশৃঙ্খল। এটি দীর্ঘদিনের অভ্যাস, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে চেতনাদায়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
সামাজিক অগ্রগতির জন্য নৈতিকতা অপরিহার্য। জাতির জীবনে উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে সমাজে নৈতিকতার জোরদার প্রয়োগ জরুরি। গ্রীক দার্শনিক সক্রেটিস বলেছেন—যে ব্যক্তি জানে সে কিছুই জানে না, সে প্রকৃত জ্ঞানী। বিনম্রতা ও নম্রতা একজন মানুষকে অন্যের প্রতি সম্মান দেখাতে শেখায়। অন্যের প্রতি সম্মান দেখানো, শান্তি বজায় রাখা এবং শৃঙ্খলা রক্ষা—সবই নৈতিকতার অংশ।
কিন্তু বর্তমান সমাজে একের পর এক জঘন্যতম ঘটনা ঘটছে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের দুর্নীতি, অনিয়ম ও অসততা আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে। ভীতি, আতঙ্ক, দুশ্চিন্তা—সবই প্রবল হচ্ছে। যদিও রাষ্ট্রীয় আইন, শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার গুরুত্বপূর্ণ, কিন্তু তার পূর্বশর্ত হলো আমাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে নৈতিকতার অভাব যেন বিষবাষ্পের মতো ছড়িয়ে গেছে। রক্তপ্রবাহ শরীরকে জীবন দিতে পারে যেমন, নৈতিক মূল্যবোধ মানুষের জীবনকে সুশৃঙ্খল ও প্রাণবন্ত রাখে। নৈতিকতার অভাবে উদ্যম হ্রাস পায়, সৃষ্টিশীলতা নিঃশেষ হয়। মানবিকতার অবক্ষয় ঘটতে থাকে। সামান্য বিষয়েও মানুষ হত্যার মতো কার্য্যকে স্বাভাবিক মনে করে।
রাষ্ট্রের উচ্চপর্যায়ের অনিয়ম, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার সামাজিক অবক্ষয়ের মূল কারণ। জোনাথন হাইটের মতে, ধর্ম, ঐতিহ্য ও মানবাচরণ থেকে নৈতিকতার উদ্ভব হয়। তাই বর্তমান অবক্ষয় থেকে মুক্তি পেতে নৈতিক শিক্ষার বিকল্প নেই। সকল ধর্মেই সৎ ও চরিত্রবান হয়ে চলার শিক্ষা রয়েছে। সঠিকভাবে এগুলো রপ্ত করলে সমৃদ্ধশীল, ন্যায্য ও শান্তিপ্রিয় সমাজ গড়ে ওঠা সম্ভব।
সুতরাং, সমাজ গঠনের মূল ভিত্তি হলো নৈতিকতা ও মূল্যবোধ। ব্যক্তি যদি নৈতিক ও মানবিক হয়, পরিবার সচেতন থাকে, সমাজ স্বাভাবিকভাবে উন্নত হয়। আর সমাজ উন্নত হলে রাষ্ট্র ও জাতিও শক্তিশালী হয়।
আপনি যদি সত্যিকারের সামাজিক পরিবর্তন চান—নিজের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করুন।
#নৈতিকতা_ও_মানবিকতা #সমাজ_গঠন #মূল্যবোধ #সচেতন_জীবন #বাংলা_লেখা
#মানবিক_বিশ্লেষণ
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।