ইগো: মানব আত্মার অদৃশ্য শত্রু
মোহাম্মাদ জাহিদ হোসেন
লেখার ধরণ: প্রবন্ধ
প্রকাশের তারিখ: ০৪-১০-২০২৫
জীবন এক চলমান যাত্রা—যেখানে প্রত্যেকটি পদক্ষেপে রয়েছে সম্ভাবনা ও সীমাবদ্ধতা। আমরা স্বপ্ন দেখি, লড়াই করি, এবং অর্জন করি। কিন্তু সেই পথের মাঝে বাস করে একটি অদৃশ্য শক্তি—ইগো। এটি ছোট্ট হলেও শক্তিশালী, নির্দিষ্ট হলেও রহস্যময়। ইগো শুধু অহংকার নয়; এটি আমাদের চিন্তার গভীরে থাকা একটি প্রভাবশালী ভাবনা, যা কখনো আমাদের এগিয়ে নেয়, আবার কখনো থমকে দেয়।
ইগো হলো সেই অভ্যন্তরীণ ভয়াল প্রতিস্পর্ধা—যা আমাদের নিজেকে সর্বোচ্চ মনে করায়, আর অন্যকে ছোট করে দেখায়। ছোট ইগো আমাদের আত্মবিশ্বাস দেয়, বড় ইগো আমাদের পথ বাঁধে। তাই প্রশ্ন হয়—আমরা কি ইগোর নিয়ন্ত্রণে থাকবো, নাকি ইগোকে নিয়ন্ত্রণ করবো?
"ইগো"—একটি শব্দ, যা আমাদের প্রতিদিনের জীবনের গহীনে অবিচ্ছেদ্যভাবে বোনা। যদিও এটি ইংরেজি, তবুও বাংলার ভাষা-সংস্কৃতিতে এটি যেন এক আত্মীয় শব্দ। ইগো শুধু একটি মানসিক অবস্থা নয়—এটি আমাদের চিন্তাধারা, অনুভূতি এবং আচরণের গভীর এক প্রতিফলন।
জীবনের প্রতিটি পর্যায়ে, আমরা চাই এগিয়ে যেতে, ক্লাসে প্রথম হতে, চাকরি বা ব্যবসায়ে সফল হতে, সামাজিক মর্যাদা অর্জন করতে। কিন্তু সেই অগ্রগতির পথে যদি হিংসা, অহংকার বা নিজের ওপর অতিরিক্ত বিশ্বাস জন্মায়—তাহলে সেটাই ইগো সমস্যা।
সহজভাবে বললে—ইগো (Ego) হলো নিজের সম্পর্কে এক প্রকার অহংবোধ। কিছু উদাহরণ হতে পারে—
১. আমি কাউকে কেয়ার করি না।
২. আমারে অন্যদের মতো মনে কইরেন না।
৩. আমি বললেই কাজটি সম্ভব।
৪. আমি সংগ্রাম করে এখানে পৌঁছেছি, মনে হয় আর কেউ পারবে না।
৫. কে কী বললো, আমি পাত্তা দিই না।
৬. আমি কাউকে খাইনি, খেতে পারি না।
৭. কে কদ্দুর কী জানে—সব জানি আমি।
৮. আমি না গেলে অফিস চলবে কি না, সন্দেহ আছে।
৯. দাঁড়ান, আমার কথা আগে শোনুন।
১০. আমি বহু আগেই জানতাম (অনুমান নয়) এই ঘটনা ঘটবে।
এই অহংকারের খেলা, কথায় কথায়—এটাই ইগো।
ইগোর সংজ্ঞা অনেক, কিন্তু সবচেয়ে প্রচলিত হলো, "নিজের বড়ত্বের প্রতি একটি অস্বাভাবিক বিশ্বাস, যার সঙ্গে মিশে থাকে অহংকার, আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপর উচ্চাকাঙ্খা।"
আমরা সবাই জানি—ইগো জীবনের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যেই এটি কিছু মাত্রায় থাকে। তাই এটি নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের নিজের। ইগো আমাদের জীবনকে সোনালী বা বিষণ্ণ করে দিতে পারে।
নিজের প্রতি অস্বাভাবিক উচ্চ ধারণা একজন মানুষের সাফল্যের পথকে থামিয়ে দিতে পারে। ইগো হলো মানুষের মনোজগতে বাস করা এক ছোট্ট শয়তান, যা তাকে শেখায়,"তুমি যত বড়, তুমি তার চেয়ে অনেক বড়।"
আপনার মধ্যে বড় হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বড় হতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প আর অগাধ সততা। আত্মবিশ্বাসী মানুষ জানে তার বর্তমান অবস্থান কী, আর কতদূর যেতে হবে। কিন্তু ইগোসম্পন্ন মানুষ সেই পথেই থমকে যায়—কারণ তারা আগেই বিশ্বাস করে তারা বড় হয়ে গেছেন।
ইগো আমাদের এই খেলাটি খেলায়—যেখানে মিথ্যা অহংকারে বসে থাকে মানুষ, আর অন্যরা তাদের ছাড়িয়ে সত্যিকার বড় হয়ে যায়।
অনেকের মধ্যে কিছুটা সফলতা আসলেই আত্মসম্মানকে বিভ্রান্তি হিসেবে ধরে নেওয়া শুরু হয়। তারা মনে করে—প্রমাণ দেওয়ার আর কিছু নেই। ফলে পরিশ্রম থেমে যায়। কিন্তু তারা বুঝতে পারে না, যদি সেই ক্ষুদ্র ইগো তাদের প্রভাবিত না করত, তারা আরও অনেক দূর এগিয়ে যেতেন।
ইগোসম্পন্ন মানুষের এক বিশেষ বৈশিষ্ট্য হলো, তারা ভুল স্বীকার করতে চান না। ভুল বুঝলেও তারা তা অস্বীকার করেন, নিজের কাছেও। ভুল স্বীকার না করলে শোধরানো অসম্ভব। যেমন—যদি একজন ইগোসম্পন্ন মানুষের ইংরেজি গ্রামারে সমস্যা থাকে, এবং আপনি তাকে সেটা বোঝান, তিনি রাগ করবেন। পরীক্ষায় কম নম্বর পেলে শিক্ষককে দায়ী করবেন, নিজের জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করবেন না।
তাদের আরেকটি বৈশিষ্ট্য—তারা নিজের জানা থেকে বেশি জানার প্রমাণ দিতে চান। এরা সবসময় মনে করেন, “আমি দুই লাইন বেশি জানি।” শুধু অন্যদের নয়, নিজেরাই বিশ্বাস করেন যে তারা সর্বোচ্চ জ্ঞানী। সামান্য গবেষণায় তারা ধরে নেন যে তারা সব জানেন। এই ভুল ধারণা তাদের শেখার পথ থেকে দূরে সরিয়ে দেয়।
ইগোসম্পন্ন মানুষকে যুক্তি দিয়ে বোঝানো প্রায় অসম্ভব। তারা কখনও তর্কে হার মানবে না। যদিও তারা বুঝতে পারে সামনের ব্যক্তির যুক্তি সঠিক, তবু নিজের ভুল মানতে অস্বীকার করবে।
ইগো একটি জটিল মনস্তাত্ত্বিক বিষয়, যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। স্বাস্থ্যকর মাত্রায় ইগো আমাদের উন্নতির অনুপ্রেরণা হতে পারে, কিন্তু অতিরিক্ত ইগো জীবনকে ক্ষয় করে দেয়।
যারা নিজের ইগোকে নিয়ন্ত্রণ করতে জানে, তারা সত্যিকার অর্থে বড় হতে পারে—কারণ প্রকৃত বড়ত্ব আসে নম্রতা থেকে।
ইগো—মানব জীবনের এক অদৃশ্য বন্ধন। এটি যেমন আমাদের শক্তি দিতে পারে, তেমনই আমাদের পতন ঘটাতে পারে। সত্যিকারের বড়ত্ব আসে নম্রতার মধ্য দিয়ে; যখন আমরা নিজের ভুল মেনে নিই, অন্যের কথা শুনি, ও নিজের উন্নতির পথে অদম্য ইচ্ছা রাখি।
আমরা যদি আমাদের ইগোকে নিয়ন্ত্রণ করতে শিখি, তবে সাফল্য হবে আমাদের হাতের মুঠোয়। আর এটাই জীবনের প্রকৃত জয়—নিজেকে ছোট করে নয়, নিজেকে জানার সাহস রাখার মধ্যে।
"ইগোকে জয় করো, তবেই তুমি সত্যিকার অর্থে বড় হয়ে উঠবে।"
তথ্যসূত্র:
১. Quora – “What is Ego? Definition and Psychological Insights”
২. Google Scholar – Various articles on “Ego in Psychology”
৩. Psychology Today – “The Role of Ego in Personal Growth”
৪. Verywell Mind – “Understanding Ego and Its Impact on Life”
#ইগো #Ego #আত্মঅহংকার #মনস্তত্ত্ব #সাফল্য #আত্মবিশ্বাস #জীবনদর্শন #মনোবিজ্ঞান #স্বপরিচয় #আত্মউন্নয়ন #দার্শনিক_চিন্তন #মানব_অভিযান #জীবনের_পাঠ #নম্রতা #মোহাম্মদজাহিদহোসেন
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।