বৃদ্ধাশ্রম এবং নৈতিক দায়বোধ
লেখক: মোহাম্মদ জাহিদ হোসেন
লেখার ধরণ: সাহিত্যিক বিশ্লেষণধর্মী প্রবন্ধ
প্রকাশের তারিখ: ০৪-১০-২০২৫
একটি প্রবাদ আছে — “আপনার চেয়ে পর ভালো, পরের চেয়ে বৃদ্ধাশ্রম।” কতটা কঠিন সত্য! তবে বাস্তবতায় এটি একটি নির্মম বাস্তবতা। অনেক বৃদ্ধ মা-বাবা, সন্তানদের কাছে আর কিছু চায় না; শুধু শেষ বয়সে সন্তান-সন্ততির পাশে থেকে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া তাদের একমাত্র ইচ্ছা। কিন্তু কখনও কখনও সেই ইচ্ছা থেকে যায় অসম্পূর্ণ, আর তারা চলে যান একাকী পথে — আপনজনহীন বৃদ্ধাশ্রমে।
বৃদ্ধাশ্রম — এখানে সময় ঘোরে ভিন্ন গতিতে। সকাল বেলায় রোদ উঠলেও হাসি ওঠে কম; বিকেলের আলো আসে একাকীত্বের সঙ্গে। বৃদ্ধদের চোখে মিশে থাকে স্মৃতির ছায়া — এমনকি তাদের হাসিতেও থাকে দুঃখের গন্ধ। সঙ্গীসাথি, বিনোদন, যত্ন — সবই মেলে; কিন্তু সেই “সন্তানের সান্নিধ্য” পাওয়া যায় না, যা হৃদয়ের গভীরে চিরকাল ছুঁয়ে যায়।
একজন বৃদ্ধার কথা মনে পড়ে — নাম তার রেশমা। দিনকাল পেরিয়ে তার পায়ের ছন্দ হেঁটে চলে এক নিস্তব্ধ বৃদ্ধাশ্রমের করিডোরে। সকালে পায়ে হেঁটে যায় ডাইনিং হলে, বিকেলে ফিরে আসে এক টুকরো স্মৃতির সঙ্গে। তার চোখে ছবি উঠে আসে — যখন ছেলে ও মেয়ে ছোট, তার কণ্ঠে ছিল হাসি, হাতে ছিল তাদের জন্য অগণিত গল্প। আজ সেই গল্পের প্রতিধ্বনি শুধু কক্ষে নিঃশব্দে ভেসে আসে।
বৃদ্ধাশ্রম আজ আমাদের সমাজে এক নতুন সংযোজন, যা আগে ছিল অচেনা। ২০–২৫ বছর আগে এমন ব্যবস্থা ভাবাই যেত না। তখন পারিবারিক ও সামাজিক জীবনে ছিল অটুট নৈতিকতা ও দায়বদ্ধতা; বৃদ্ধরা পরিবারের আবশ্যিক অংশ হিসেবে বিবেচিত হতো — নতুন ও পুরনো প্রজন্মের মধ্যকার সেতুবন্ধন।
পিতামাতার প্রতি সদাচরণ, বিনয়ী আচরণ — প্রতিটি ধর্মে এটি একটি অমূল্য শিক্ষা। সনাতন ধর্মে বলা হয়েছে — “পিতামাতার সেবাই ধর্ম, এটি নিছক দায়িত্ব নয়।” হিন্দু ধর্মে বলা হয়েছে — “পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমনতপ:।” ত্রিপিটকে বলা হয়েছে — “পিতামাতার সেবাই উত্তম সেবা।” বাইবেলের ইফিসিয়েন্সে আছে — “তোমার পিতামাতাকে শ্রদ্ধা করো, সেবা করো।” ইসলামে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব একটি মহৎ আদেশ।
আল্লাহ পাক বলেন — “তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো; পিতামাতার সাথে বিনয়ী আচরণ করো। তাদের জীবদ্দশায় যদি উপস্থিত থাকো, ‘উফ’ শব্দও করবে না।” (ইসরা: ২৫)
একজন বৃদ্ধ পুরুষের কথা মনে পড়ে — তার নাম আলী। বৃদ্ধাশ্রমে তার একাকীত্ব কাটে যখন সে দেয়াল ঘেঁষে এক ফাঁকা চেয়ার দেখে, যা সে মনে মনে ধরে রাখে তার মৃত স্ত্রী ও সন্তানদের জন্য। সে বলে — “আমার শেষ বয়স, শেষ কামনা, শুধু তাদের হাতের ছোঁয়া।” কিন্তু সে জানে, সেই স্বপ্ন আর পূরণ হবে না।
আজ আমাদের সমাজে বৃদ্ধাশ্রম ভোগবাদী এক বাস্তবতা হয়ে উঠেছে। এটি শুধু পরিবারের ভাঙনের প্রতিফলন নয়, বরং নৈতিকতার ক্ষয়। আমাদের উচিত — এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে বৃদ্ধাশ্রম থাকবে না, কারণ সেখানে নয়, বরং পরিবারের আলিঙ্গনে বৃদ্ধদের শেষ দিনের সুখ থাকবে।
আইন প্রয়োজন, কিন্তু হৃদয়ের নৈতিক চেতনা তাতেও অর্জিত হবে না। সন্তানদের মধ্যে দায়বোধ সৃষ্টি করতে হবে — সেটি হবে শিক্ষার মূল উদ্দেশ্য। আমাদের দেশ ও সমাজকে প্রয়োজন সত্যিকারের নৈতিক শিক্ষার — যেখানে বৃদ্ধাশ্রম নয়, থাকবে সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধ।
বৃদ্ধাশ্রম শুধু একটি স্থান নয়, এটি আমাদের নৈতিকতার আকার, আমাদের হৃদয়ের অবস্থা। তাই প্রতিটি সন্তানকে ভাবতে হবে — আজ যদি আমরা আমাদের পিতামাতাকে ভুলে যাই, তবে একদিন আমাদের স্বার্থে কেউ কি আমাদের ভুলবে না?
#বৃদ্ধাশ্রম #নৈতিকদায়বোধ #পিতামাতাসেবা #সন্তানদায়বোধ #মানবিকজীবন #পারিবারিকঐতিহ্য #বৃদ্ধসম্মান #মানবিক_চিন্তাধারা #পরিবার_শিক্ষা #নৈতিকশিক্ষা #মোহাম্মদজাহিদহোসেন
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।