ভেতরের ধস, বাইরের হাসি
(হাই-ফাংশনিং ডিপ্রেশন ও শহুরে একাকীত্বের নীরব সংকট)
মোহাম্মদ জাহিদ হোসেন
বিশ্লেষণধর্মী ⋄ ১৮ নভেম্বর ২০২৫
এখনকার দিনে অনেকেই হাসে, কাজ করে, সংসার চালায়—সব কিছু ঠিকঠাকই চলে বলে মনে হয়। কিন্তু ভেতরে রোজ একটা যুদ্ধ চলে, নিজেকে টেনে তুলতে হয়। বাইরের ছবিটা যতই স্বাভাবিক দেখাক, ভেতরে কোথাও একটা চাপ, অজানা এক ধস। এই দুই রূপের মানে—হাই-ফাংশনিং ডিপ্রেশন।
মাঝে মাঝে মনে হয়, মানুষ আসলে দুইটা মুখ পরে ঘুরে বেড়ায়। বাইরে হাসি, ভেতরে নিস্তব্ধতা। হাসতে হয়, কাজ করতে হয়, সবাইকে দেখাতে হয়—‘আমি ঠিক আছি’। কিন্তু রাতের নির্জনতা, একাকী সময়গুলোয়, প্রতিটা মুহূর্ত যেন ব্যথার সঙ্গে যুঝে যেতে হয়।
বাইরে হাসি, ভেতরে শূন্যতাঃ
আগে কেউ ভেঙে পড়লে পাশে দাঁড়াতাম। এখন? মানুষ ভেঙেও নিজেকে টিকিয়ে রাখে। পাশে কেউ নেই, কেউ আর খোঁজও নেয় না। ভেতরের কষ্ট যত চেপে রাখি, শরীর-মন ততই দুর্বল হয়ে পড়ে। কেউ দেখে না, কেউ শোনে না। এই নিঃশব্দ একাকীত্বই আমাদের সবচেয়ে বড় শত্রু।
দৈনন্দিন প্রদর্শনী আর চাপের দেয়ালঃ
আমরা সবাই খুব “শান্ত” আর “শক্ত” ভাব ধরে থাকি। অফিস, বাড়ি, কাজ—সব চলতে থাকে। কিন্তু আসল লড়াইটা চলে নিজের ভেতরে। প্রতিদিন, প্রতি রাতে, প্রতিটা কাজের চাপে ভেতরে ভেতরে ছোট ছোট ধস নামে। বাইরে যতই সাফল্যের গল্প থাকুক, অবসাদ তা মুছে দিতে পারে না।
শহুরে একাকীত্বের নতুন চেহারা: ‘লাস্ট কন্ট্যাক্ট’ সিনড্রোমঃ
“শেষ কবে কার সঙ্গে মন খুলে কথা হয়েছে?”—এই একটা প্রশ্নই বলে দেয় মানসিক সংকট কোথায় পৌঁছেছে। সবাই ব্যস্ত, সম্পর্কের গভীরতা কমছে, ডিজিটাল সংযোগ আছে, মানবিক ছোঁয়া নেই। জানি, পাশে থাকা দরকার। তবু শেষ গভীর সংযোগের অভাব আমাদের ভেতরে ভেঙে দেয়। ক’জন বন্ধুর সঙ্গে আসলেই মনের কথা বলি? প্রশ্নটাই কেমন গা ছমছমে।
চাপের স্তর বাড়ে, কেউ দেখে নাঃ
বাকিরা বোঝে না—নিজের ভেতরের ধস আমরা একাই সামলাই। চাপ বাড়ে, বিষণ্ণতা বাড়ে, প্রকাশের সাহস থাকে না। হাই-ফাংশনিং ডিপ্রেশন নিঃশব্দে ভেতরটা খেয়ে ফেলে। দিনের বাকি সময়টায় হাসি, কাজ, পারফরম্যান্স—সব আসলে এক ধরণের ঢাকনা, ভেতরের ধসটা ঢাকা পড়ে যায়।
সাহসের ঘাটতি, প্রতিক্রিয়ার অভাবঃ
মানুষ অনুভব করে, কিন্তু প্রকাশে ভয় পায়। “কে বুঝবে?”, “সময় কার?”, “কে শুনবে?”—এইসব ভাবনা আমাদের মুখ বন্ধ করে দেয়। অন্যের কষ্টে সাড়া না দেওয়ার অভ্যাস আমাদের আরও একা করে দেয়। নিজের ভাঙন লুকাতে লুকাতে, আর কারো কাছে হাত বাড়াতে সাহস পাই না।
নীরব চাপ আর ছোট ছোট ব্যথার বোঝাঃ
ছোট ছোট ব্যথা উপেক্ষা করলে একসময় বড় হয়ে যায়। অফিস থেকে ফেরা বাবা চুপচাপ ভেঙে পড়ে—শোনার কেউ নেই। মা দুশ্চিন্তায় চোখ লুকিয়ে রাখেন—সময় নেই। কিশোর মনের মধ্যে চিৎকার করে—কারও নজরে পড়ে না। প্রতিটা ছোট কষ্ট জমে জমে সমাজে নীরব সংকট তৈরি করে, যা একসময় ব্যক্তিগত জীবনেও গভীর দাগ ফেলে।
বাইরে সব ঠিকঠাক—অফিস, হাসি, কাজ। ভেতরে চলে ধস, নীরব যন্ত্রণার পাহাড়। যারা প্রতিদিন শুধু টিকে থাকার লড়াই করে, তারা পুরোদমে মানসিক চাপের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। এটাই হাই-ফাংশনিং ডিপ্রেশনের কঠিন বাস্তবতা।
কখনো কখনো মনে হয়—বাইরে আমরা যতটাই “ঠিক আছি”, ভেতরে ততটাই ভেঙে পড়েছি। এই দুই মুখের জীবন, শহরের একাকীত্ব, নীরব চাপ, আর ‘লাস্ট কন্ট্যাক্ট’ সিনড্রোম—সব মিলিয়ে এক গভীর মানসিক সংকটের আসল ছবি তুলে ধরে।
#ভেতরের_ধস_বাইরের_হাসি #হাইফাংশনিং_ডিপ্রেশন
#শহুরে_একাকীত্ব #লাস্টকন্ট্যাক্ট_সিনড্রোম
#নীরব_দুঃখ #মানসিক_সংকট
#HighFunctioningDepression #UrbanLoneliness
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।