স্বপ্নের পৃষ্ঠায়
মোহাম্মাদ জাহিদ হোসেন
গদ্যকবিতা। ডিসেম্বর ২৮, ২০২৫
একটা ছোট্ট অনুরোধ করি তোমাকে—
কোনোদিনও বেরিয়ে এসো না
আমার কবিতার অক্ষরগুলো থেকে।
কবিতা তো স্বপ্নবিলাসী,
আর বাস্তব কঠিন, ভয়ংকর—
তোমাকে হারানোর ভয়ে ভরা।
একসময় বারবার দেখতে চেয়েছিলাম তোমায়
ঘুমের চোখে, স্বপ্নের আলোয়।
এখন আর দরকার নেই সেই স্বপ্নের,
কারণ আমার চোখ আজ ঘুমহীন—
জেগে থাকে তোমার অভাবে।
শুনতে চাই না আর তোমার সেই মিষ্টি কণ্ঠ,
যাতে জড়ানো প্রেমের নেশা,
একটা অবিরাম আহ্বান।
মাঝরাতে তোমার চোখের আবেগময় দৃষ্টি
আর সইতে পারি না—
সেই দৃষ্টিতে এলোমেলো হয়ে যায়
আমার সব সাজানো জগৎ।
তোমার সদ্য ভেজা চুল শুকিয়ে নাও,
কিন্তু হাসি দিয়ো না ভুলেও।
হাসলে যদি গালে টোল পড়ে,
তখন আবার ইচ্ছে জাগে
তোমায় টেনে বার করে আনতে
এই কাগজের জগৎ থেকে।
তুমি শুধু থেকো আমার কবিতায়,
পুড়ে যাওয়া স্বপ্নের পৃষ্ঠায় লেখা থেকো।
সেখানেই নিরাপদ তুমি, নিরাপদ আমি—
বাস্তবের কঠিন ছোঁয়া থেকে দূরে।
#স্বপ্নের_পৃষ্ঠায় #কবিতায়_থেকো #পোড়া_স্বপ্ন #প্রেমের_অনুরোধ #গদ্যকবিতা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।