কুসুম গরম পানির গ্লাস
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্যকবিতা | ফেব্রুয়ারি ২১, ২০২৬
কল খুলতেই বালতির শব্দ—
তোমার সকাল।
বারান্দার দড়িতে লাল চেক লুঙ্গি নেই,
তবু ভোর হলে মনে হয়
তুমি শরীর মুছতে মুছতে ডাকবে—
"কাশি বাড়বে, বাইরে যাস না।"
আমি "আচ্ছা" বলি,
দরজা খুলে বেরিয়ে যাই।
ফিরে এসে দেখি—
বিছানার পাশে কুসুম গরম পানি,
কাচে লেগে আছে তোমার আঙুলের ভেজা দাগ।
তুমি অপেক্ষা করছো।
আমি খাইনি।
পাঁচটি শীত এসেছে—
গ্লাসে জমে আছে পাঁচটি স্তর ধুলো,
পানি শুকায়ে গেছ প্রায়।
হাসপাতালের সেই সন্ধ্যা।
মনিটরের সবুজ রেখা সোজা হয়ে গেল,
তোমার হাত আমার হাতে ঠান্ডা হলো,
আর বুকের ভেতর একটি শব্দ—
"সরি"—
মুখে ওঠেনি।
আজও ওঠে না।
রাতে দরজার কাছে গেলে
পেছন থেকে কেউ বলে—
"সোয়েটার নিয়ে যা, কাশি বাড়বে।"
আমি নিই।
প্রতিবার।
মেয়ের মাথায় হাত রাখি—
তোমার হাত পাই না,
পাই নিজের হাত,
যেটা ভুল শিখেছে তোমার কাছ থেকে,
ভুল শুধরাতেও শিখেছে তোমার কাছ থেকে।
এটাই কি উত্তরাধিকার—
অপূর্ণ ক্ষমা?
মাটির নিচে নীরবতা।
তুমি নেই সেখানে—
তুমি আছো এই বাড়ির ভাঙা সুইচে,
জ্বলে না এমন ফ্রিজের বাতিতে,
আর সেই গ্লাসে
যার পানি ঠান্ডা হয়ে গেছে,
তবু শেষ হয়নি।
আমি গ্লাসটা ধুতে পারিনি।
তাতে তোমার না বলা কথাগুলো ভাসে—
"খাবি না?"
প্রতিদিন "সরি" বলি,
তুমি শোনো না,
অথবা শুনেও না বলো,
যেমন শেষ রাতে বলোনি।
ভোর হলে এখনো মনে হয়
বারান্দায় কেউ দাঁত মাজছে,
কলের পানি গা বেয়ে পড়ছে—
আমি দরজা খুলতে দেরি করি,
ভাবি,
এবার যদি গ্লাসটা শেষ করতে পারি।
#কুসুমগরম_পানির_গ্লাস
#বাবার_অপূর্ণ_কথা
#স্মৃতির_অনুশোচনা
#বাবা_তুমি_আছো
#নীরব_ভালোবাসা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।