মরীচিকা
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্যকবিতা ⋄ ১৭ নভেম্বর, ২০২৫
আমি তোমাকে দেখেছিলাম দূরের নীল আকাশের কিনারায়—একটা অস্পষ্ট রেখা,
যেন আকাশটাই নেমে এসেছে মরুভূমির বুকে।
সঙ্গী হবার স্বপ্ন ছিল মাথায়,
তবু কখনো সাহস পাইনি কাছে যেতে।
মনে মনে হিংসে করতাম সেই দূরত্বকে,
তোমাকে আরও সুন্দর করে তুলেছিল ওটাই।
তবু চুপচাপ ভালোবেসেছিলাম,
বুকের গভীরে লুকিয়ে রেখেছিলাম সেই প্রেম।
চেয়েছিলাম হারিয়ে যেতে তোমারই পথে,
নিজেকে পুরোপুরি সঁপে দিতে।
রাতের আকাশে তারার নিচে,
বুকের ভেতর তন্ত্রী কেঁপে উঠত,
আনন্দের ঝংকার বাজত বুকের গভীরে—
সেই মুহূর্তে ভুলে যেতাম সব যুদ্ধ, সব কষ্ট, সব অহংকার।
আজ তুমি আমার সামনে, হাতের মুঠোয় ধরা,
তোমার ছোঁয়ায় বুক ভরে উঠেছে।
তুমি এলে, আমি চোখের কোণ ভিজে গেল অশ্রুতে।
তুমি আগলে নিলে দু’হাতে,
মনে হচ্ছিল, সারা জীবনের তৃষ্ণা এক নিমিষে মিটে গেল।
ভাবিনি কখনো, এভাবে তোমাকে কাছে পাব।
ভাবিনি, স্বপ্নের স্বাদ এত ঠান্ডা, এত চুপচাপ।
তুমি জড়িয়ে আছো বরফসাদা শাড়িতে,
মাথার ভেতর বাজছে রিমঝিম বৃষ্টির সুর—
কিন্তু সেই সুরেও কোথাও একটা ফাঁকা,
একটা শূন্যতা।
প্রিয়,
স্বপ্নের আর কিছু বাকি নেই।
যে উষ্ণতা খুঁজতাম দূরের কোনো প্রান্তে,
সেটা ছিল কেবল আলো-ছায়ার খেলা।
তোমাকে পাওয়াটাই আসলেই সবচেয়ে বড় প্রতারণা—
তবু, বলো তো, কেন ধরা দিলে, মরীচিকা?
এত সুন্দর করে কেন ঠকালে আমায়?
#মরীচিকা #বাংলাকবিতা #প্রেমেরভুল #মোহাম্মদজাহিদহোসেন #গদ্যকবিতা #স্বপ্নেরফাঁদ #মরুঝড় #অধরা #বাংলাসাহিত্য
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।