শনিবারহীন গ্রহে প্রেমিক
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্য কবিতা । ০১,জুন , ২০২৬
আমার প্রেমিক আজও জীবিত আছে—
তবে সে যে গ্রহে থাকে
সেখানে কোনো শনিবার নেই।
সোমবারগুলো আচারের শিশিরে
ডুবে গেছে বহু আগেই,
পুরোনো শিস হয়ে থেমে আছে সময়ের মুখে।
সনাতন লাইব্রেরির ধুলোয় ঢাকা পাতাগুলো
আজও প্রশ্ন করে—
বিকেলের দাঁতে
কোন শূকরের মৃত্যু লেখা থাকে?
হিমবাহ খুলে নামে সপাং চাবুক।
ডেন্টিস্ট বলে—
এই মোলার আর রাখা যাবে না।
তখন মনে পড়ে
তার দাঁতভরা হাসির গন্ধ।
আমি ভাবি—
সে কি মৃত,
নাকি এখনো উদ্দাম হাসিতে বেঁচে আছে
কোনো বারাণসী ঘাটের আলোয়?
স্বর্ণ আলো, রৌপ্য চূর্ণ,
কাঁচা আমের মতো শরীরী গন্ধ—
সব ঝুলে থাকে
একটা আমহীন গ্রহের গাছে।
কাছে শুধু নেই সে।
ধূপের সৌরভ তাকে খুঁজে খুঁজে
শেষে থেমে যায়
আমার নিঃশব্দ মাথার পাশে।
পাণ্ডুর, ক্লীব, পরিত্যক্ত কবিতাগুলো
কীটের মতো ছড়িয়ে আছে চারদিকে।
শয়ে শয়ে শব্দ
নিজেদের অর্থ হারিয়ে
চুপ করে বসে আছে।
বারহীন, দীনহীন,
অচেনা এক আলফা-বিটা গ্রহে
আমি এখনো শুনে যাই
একজন জীবিত মানুষের অনুপস্থিতি।
#বাংলাকবিতা #কবিতা #সুররিয়ালকবিতা #প্রেম #বিচ্ছেদ #অস্তিত্ব #আধুনিককবিতা #বাংলাসাহিত্য #মহাজগত #নিঃসঙ্গতা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।