মানসিকতার সংকট
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্য কবিতা | ১২-১১-২০২৫
ছেলে আমার মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে থাকে
মা-বাবা থাকেন ওপারে, দূরের কোনো ছায়ায়।
দামি সোফা, দামি ফ্রিজ, দামি সব জিনিস
সবচেয়ে কম দামি হয়ে গেলাম আমি—একটি বৃদ্ধ মা।
একসময় আমার কোলে মাথা রেখে ঘুমাত সে
আজ আমার নাম শুনলে বলে, “ব্যস্ত আছি মা।”
ফেসবুকে লেখে “লাভ ইউ মা”, স্ট্যাটাসে হার্ট দেয়
পরমুহূর্তে বলে, “মা, কাপড়গুলো ধুয়ে দিও।”
বায়েজিদ এক গ্লাস পানি হাতে দাঁড়িয়ে রাত কাটালেন
মা যেন কষ্ট না পান—এই ভয়ে ডাকলেন না।
আমি আজ ডাকি, “বাবা, ওষুধ খেয়েছো?”
ফোনের ওপাশে শুধু বিপ বিপ, তারপর সাইলেন্স।
আগারগাঁওয়ের ফুটপাতে সখিনা বেগম বসে
যে মা সন্তানের মুখে হাসি ফোটাতে স্বপ্ন ভেঙেছিল
আজ সেই সন্তানের অবহেলায় ভিক্ষার ঝুলি হাতে।
আমরা সবাই একদিন বৃদ্ধ হব
তখন হয়তো আমাদের ছেলে বলবে,
“বাবা, বৃদ্ধাশ্রমে থাকা ভালো।”
সেই দিন বুক ভেঙে যাবে—কিন্তু দোষ কার?
মানসিকতার সংকটই মূল কারণ
টাকা নয়, আধুনিকতা নয়, একক পরিবার নয়।
হৃদয় যেদিন ফিরে পাবে মমতা
সেদিন আইন লাগবে না, ভালোবাসাই যথেষ্ট হবে।
#মানসিকতার_সংকট #বৃদ্ধ_পিতামাতা #মমতার_আহ্বান #মানুষ_হও #জাহিদের_কলম
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।