কবিতার সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের,
মনে হয় জন্মের আগেই যেন শব্দেরা
আমার ভেতরে শেকড় গেড়েছিল।
ক্লাস নাইন থেকে কলম ধরেছিলাম
কবিতার নামে,
যদিও আমার পরিবারে কারো ছিল না
এই যাত্রার কোনো ইতিহাস।
আমার বাড়ির পাশে ছিল এক দীঘি,
নীল আকাশের আয়নায় ভেসে থাকা
শান্ত জল।
সেই জলে ডুব দিয়ে স্নান শেষে
উঠত এক অসাধারণ সুন্দরী যুবতী।
তার পরনে থাকত কলাপাতার সবুজে
মোড়া ভেজা শাড়ি,
ভেজা চুলে ছড়িয়ে যেত দীপ্তি।
সে হেঁটে যেত ধীরে ধীরে তুলসীতলার দিকে,
গাছের গোড়ায় ঢেলে দিত ঠান্ডা পানি,
আর তার ঠোঁট থেকে ভেসে আসত
গীতার শুদ্ধ শ্লোক,
যেন স্নিগ্ধ সুরে ভিজে যেত
শৈশবের সকাল।
আমার স্মৃতির পাতায় আজও রয়ে গেছে
সেই দীঘি, সেই কণ্ঠস্বর,
আর শৈশবের এক অদ্ভুত নীরব বিস্ময়।
আমার অনুভূতির সংক্ষিপ্ত ভ্রমণ এটাই,
যা এখনো আমাকে টেনে নেয় কবিতার কাছে।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।