নতুনের ভুল ধারণা
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্যকবিতা। জানুয়ারি ১০,২০২৬
আমাদের ক্যালেন্ডারে বছর বদলায়,
কিন্তু ভেতরের ঘড়িটা থেমেই থাকে।
যা ছিল উজ্জ্বল, একে একে
সংরক্ষণের ঠান্ডা ঘরে জমে যায়—
স্নায়ু, স্মৃতি, রঙের শেষ বাক্সটুকু।
শহরের আলো জ্বলে এখনও,
কিন্তু সে আলো আর ডাক দেয় না।
কিছু পুরোনো উৎসব
নামমাত্র ফিরে আসে,
মুখোশ পরে দাঁড়ায় রাস্তায়।
একসময় রাত বারোটার শব্দে
জাহাজঘাটার ভোঁ আমাদের চমকাত,
এখন সে শব্দও জানে না
কাকে ডাকে—নতুনকে, না পুরোনোকে।
কবিতা আর গানে যে ভোর আসত,
তা আজ কুয়াশার মতো—
অর্ধেক দেখা,অর্ধেক ভুলে যাওয়া।
তবু কানে কানে কেউ বলে—
বেঁচে থাকো।
প্রতিটা বছর এসে
নতুনের নাম করে হাত নাড়ে,
আর আমরা অভ্যাসে এগোই দু’কদম।
মানুষ কিছুদূর পথ চলে,
তারপর গল্প ফেলে যায়।
কিছু গল্প জমে থাকে
চেতনার ভাঁজে,কিছু নিঃশব্দে সরে যায়।
জীবনকে চিনতে চিনতেই
জীবনটা শেষ হয়ে আসে।
নতুন বছর আবারও জানিয়ে দেয়—
নতুন বলে কিছু নেই,
ছিলও না হয়তো কোনোদিন।
তাপমাত্রা কমে,উষ্ণতার চাহিদা বাড়ে।
এই পুরোনো শরীরেই
আমরা খুঁজি নতুনের স্পর্শ,
আড়ালে, আবডালে।
#বাংলাকবিতা #নতুনবছরেরভ্রম #সময়েরদর্শন
#পুরোনোশহর #মানবিকঅনুভূতি
#অস্তিত্বেরকবিতা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।