কৃত্রিম আলোয় জন্ম নেওয়া দুপুর
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্যকবিতা | ফেব্রুয়ারি ০৬, ২০২৬
কখনো কখনো কোলাহলই ছায়া হয়ে দাঁড়ায়,
কারখানার সাইরেন পাহাড়কে শেখায় নিঃশ্বাস নিতে।
ধোঁয়া নামে, মেঘের মতো—
আর আমরা ভুল করি, ইচ্ছেকৃত ভুল।
মানুষকেও ঠিক চিনে নেওয়া যায় না।
যে নীরব, তার ভেতরেই হয়তো আগুন কাজ করে,
যে শান্ত, সে-ই সবচেয়ে বেশি ভাঙে
ভেতরের দেয়ালগুলো।
পাদদেশে দাঁড়িয়ে থাকা গাছটাকে দেখে
ফুল মনে হয়—
কিন্তু শিকড় জানে, মাটির নিচে কতটা অন্ধকার।
বাতাসে দুলতে দুলতে সে কথা বলে না।
একটা সকাল আসবে ভেবে থাকি,
যে সকাল আর ফেরত যাবে না।
কিন্তু সন্ধ্যা নামে হঠাৎ—
বিদ্যুৎ চলে যাওয়ার মতো,সব প্রস্তুতি বৃথা করে দিয়ে।
এই পথগুলো কাউকে আগলে রাখে না,
এরা কেবল পেরিয়ে যেতে জানে।
ঘরের ভেতর শব্দ করে হাঁড়ি,
মাছ বাঁচে জলের ভরসায়।
জীবনও তেমন—
শেষ হয় না, কেবল রূপ বদলায়।
সিঁড়ি বেয়ে নামতে নামতে বুঝি,
আকাশের নিচে ঘামই সবচেয়ে সত্য।
দূরে কোথাও দ্বীপ আছে,
নাম জানি না।
জাহাজ চোখে পড়ে না,
তবু আলো জ্বলে—
কুঁড়েঘরে, বইয়ের তলায়,
অঙ্ক কষতে কষতে বড় হয়ে ওঠা এক বয়সে।
#কবিতা #আধুনিক_কবিতা #নগরজীবন
#মানুষের_ভেতর #অনুভূতির_ভাষা #সাহিত্য
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।