সুন্দর পৃথিবীর কোলে
মোহাম্মাদ জাহিদ হোসেন
গদ্যকবিতা ⋄ ১৪ নভেম্বর, ২০২৫
আমি মরতে আসিনি এই সুন্দর পৃথিবীর কোলে।
আকাশ ভর্তি তারা, মেঘ কেটে গেছে দিব্যি।
দূরের গ্রামে একটা ধোঁয়ার রেখা উড়ছে—
বুঝতে পারি না, কার বাড়িতে আগুন লেগেছে,
নাকি শীতের কুয়াশা ঝরছে মাঠে-ঘাটে।
সামনের পুকুরে পদ্মপাতায়, পাশের কচুলতায়
শিশিরের বিন্দু নাচে, যেন মনের সুখে নেচে বেড়াচ্ছে।
একমাত্র আমিই উদাস, আনমনে।
আজ সময় থমকে দাঁড়িয়েছে আমার পাশে।
প্রাচীন শিলালিপির মতো একটা পাথর
কালের বুক চিরে ফিরে এসেছে আমার সামনে দাঁড়াতে।
আজ পুরোনো ইতিহাস ভুলে সে কেঁপে উঠল একবার।
কেঁপে উঠলই!
আমরা বর্তমান।
ক্লান্তি ঝেড়ে ফেলে পা বাড়াই—
পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতেই হবে।
সেখানে বসে লিখব একটি কবিতা,
যে কবিতা হবে শুধুই ভালোবাসার শব্দ-বন্ধন।
সবাই শুধু মরতে চায়।
আমি মরতে চাই না।
আমি বেঁচে থাকতে চাই হাজার হাজার পাঠকের মাঝে,
তাদের চোখের আলোয়, তাদের নিঃশ্বাসের ছোঁয়ায়।
তাই বলি আবার—
আমি মরতে আসিনি এই সুন্দর পৃথিবীর কোলে।
আমি এসেছি বেঁচে থাকতে,
চিরকাল বেঁচে থাকতে।
#সুন্দরপৃথিবী #বেঁচেথাকা #গদ্যকবিতা #ভালোবাসা #জীবন #কবিতা #বাংলাসাহিত্য #উদাসীনতা #প্রকৃতি #মোহাম্মদজাহিদহোসেন
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।