অসীমের মানে
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্যকবিতা | জানুয়ারি ২৬, ২০২৬
সময় তুমি কোথায় যাও!
চারিপাশে দিগন্তের সীমানা এখনো টানা হয়নি,
একই স্থানে কাগজের ম্যাপে রং পেন্সিলের আঁচড়,
কিংবা মাটির উপরে কাঁটাতার বিছানো হয়নি এখনো।
সীমানা প্রাচীর দিয়ে এখনো ভাগ করা হয়নি।
হয়তো সময় তার পথ পরিক্রমায়
একদিন বিভক্ত করবে একই স্থানকে দুটি পৃথক দেশে।
পরিবর্তিত হবে দুটি দেশের সামগ্রিক অবস্থাও।
সে সময় ইতিহাসকে আস্তাকুড়ে ফেলে,
কাঁটাতারের সীমারেখাকে উপেক্ষা করে
দুজন কবি আপন মনে বর্ণমালা, কথামালা লিখবেন
একই সাথে যৌথ কোনো গ্রন্থে।
ধর্মগ্রন্থ কিংবা রাষ্ট্রের কতটা শক্তি আছে
এ স্বাধীন যৌথ কথামালা লিখতে বাধা দেবার!
আমরাও লিখতে পারি
অঙ্কিত মানচিত্রের বাইরে,
কাঁটাতারের সীমানার বাইরে এসে।
আমরাও মুক্তমঞ্চে আজ লিখতে পারি
স্বাধীনতার মানে,
অসীমের মানে।
#অসীমেরমানে #স্বাধীনতারকথা #গদ্যকবিতা #সীমানারবাইরে #মানবিকঅভিজ্ঞতা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।