মুক্ত আকাশ ফিরে পেতে চাই
মোহাম্মাদ জাহিদ হোসেন
গদ্যকবিতা । ১১-১১-২০২৫
আমাকে কেউ বুঝতেই পারে না,
কেউ বোঝার চেষ্টাও করে না।
আমিও কাউকে বাধ্য করিনি
আমাকে বুঝুক।
কাউকে বলিনি আমার কষ্ট নিজের করে নিতে।
আমি জানি, প্রকৃতি আমাকে মনে রাখবে—
শহরের মতো ভ্রান্ত রাত দেখিনি তার বুকে।
প্রকৃতির মাঝে দেখেছি জীবন্ত রাত,
যেখানে গাছেরা মাটির সঙ্গে বাঁধা,
তবু তাদের সঙ্গে কথা বলতে পারি আমি।
এই শহরে তা পারি না।
এখানে সবাই বাঁধা সময়ের কঠিন শৃঙ্খলে।
আমিও বাঁধা পড়েছি তোমাদের মাঝে।
জানি, তোমাদের নীতির বৃত্তের বাইরে পা রাখা যায় না।
সেই বৃত্তে সবার হাতে ব্যস্ততার সময়,
সবার চোখে অসুস্থ চাহনি।
সন্ধ্যা ঘনিয়ে এলে চার দেওয়াল আমাকে ঘিরে ধরে,
টেবিলে লেখার খাতা,
আর আমার ক্লান্ত ছায়া।
নিজেকে সমর্পণ করি ছদ্মবেশী শাসকের পদতলে৷ যে শাসক চাঁদের আলোর পথ রোধ করে,
যে আমার তারুণ্য ছিনিয়ে নেয়,
যে কখনো শ্বাস অবরোধ করে,
কখনো আমাকে রুগ্ণ করে তোলে।
পরাজিত হয়ে বারবার বলি:
‘আমাকে কেউ বুঝতেই পারে না,
একটু বোঝার চেষ্টা করো।
আমি বাঁচতে চাই,
পাখির মতো উড়তে চাই,
হারানো মুক্ত আকাশ ফিরে পেতে চাই।’
#মুক্তআকাশ #গদ্যকবিতা #মোহাম্মাদজাহিদহোসেন #প্রকৃতি #শহরেরশৃঙ্খল #তারুণ্য #মুক্তি #কষ্ট #অনুভূতি #ঢাকা #বাংলাকবিতা #আকাশেরডাক #পাখিরডানা #নীতিরবৃত্ত #ছদ্মশাসক
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।