নীরবতার দায়
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্যকবিতা। জানুয়ারি ১৪,২০২৬
চল, সব ভুল আমারই ছিল—
আজ আর পালাব না এই স্বীকারোক্তি থেকে।
রোজ তোকে মনে করে
আমি সময় নয়, নিজেকেই হারিয়েছি,
দিনের ভেতর রাত বানিয়েছি,
রাতের ভেতর অভ্যাস।
এই চোখে এখন আর
তোর জন্য কোনো অপেক্ষা জমে নেই,
ঘড়ির কাঁটাও আর
আমার দিকে ফিরে তাকায় না।
এমন নয় যে তোকে ভালোবাসি না,
ভালোবাসা আছে—
কিন্তু তা ছুঁয়ে দেখার অধিকার নেই।
তোকে আবার নিজের কাছে রাখার মতো
শক্তি আমার কোনোদিন হলো না,
যোগ্যতা তো আরও দূরের এক শব্দ।
তোর ভেতরে প্রাণ আছে,
আলো আছে,
নিজের মতো করে বেঁচে থাকার সাহস আছে।
আর আমার ভেতরে—
কিছু অসমাপ্ত বাক্য,
কিছু গোপন স্বীকারোক্তি,
আর ধীরে ধীরে সরে যাওয়ার নীরব অভ্যাস।
#নীরবতার_দায় #গদ্য_কবিতা #ভালোবাসার_স্বীকারোক্তি
#অসমাপ্ত_প্রেম #মনছোঁয়া_লেখা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।