পাওয়া না পাওয়া
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্য কবিতা। ডিসেম্বর ১২,২০২৫
************************************
জীবনের চরম একটা শিক্ষা নিয়ে ফিরে গেছে প্রেম।
হারিয়ে গেছে আমার কৈশোরে সাজানো বর্ণিল কাহিনি,
বৈশাখীর মেলা, ঘুড়ি কেনার দিন;
দুই টাকায় চারটি সিঙ্গারা,
এক টাকার আইসক্রিম—সবই আজ অতীত।
আজ লাটাই আছে, সুতো নেই;
আজ ঘুড়ি আছে, আকাশ নেই,
মেলা শেষে মুড়ির মোয়া, বাতাসা আর কদমা খাওয়ার সেই টগবগে হৃদয়
জোড়া-হাতের চাকার গাড়ির মাঝে খেই হারিয়ে আলপথে খোঁজে ফিরে বাড়ির ঠিকানা,
ফেরার পথে সন্ধ্যা নামে;
দুরন্ত মন উঁকি দেয় দূর দিগন্তে—
হারিকেন জ্বালা কোনো এক দোলনচাঁপার পড়ার টেবিলে!
দোলনচাঁপা! সুভাষ,
বৈশাখি মাতাল সন্ধ্যা,
খড়কুটোর মতো জ্বলে যায় অন্তর্যামী:
নিজের মনে নিজেই ভুলে যায় মায়ের দেওয়া সেই ফর্দকে,
কিছু না নিয়ে, খালি হাতে বাড়ি ফেরা
মায়ের কড়া শাসনে ভিজে যায় চোখ;
ভয়ের ভেতর দাঁড়িয়ে রয়েছে এক জীবন...
মাকে সব বলে দিব ভাবতেই
দেখি,
আমার পাশেই উদ্ধত দাঁড়িয়ে আছে সেই দোলনচাঁপা।
জীবনের এ পড়ন্ত বেলায় এসেও হেরে যায় সেই শৈশবের কাছে,
যা আজও জীবনকে দুরন্ত করে তোলে জীবনের পাওয়া না পাওয়ার মাঝে।
#পোয়েট্রিলাভার্স #কবিতা #লেখা #নস্টালজিয়া #শৈশবের_স্মৃতি #বাংলা_কবিতা #গদ্যকবিতা #দোলনচাঁপা #বৈশাখী_মেলা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।