মায়ার শব্দে লেখা কবিতারা না ফুরাক।
আমাদের অবেলার দৃষ্টি বিনিময়ে
চোখজোড়া ভীষণ ক্লান্ত হলেও
মায়ারা থাকুক চিরকাল অক্লান্ত।
হাঁটতে হাঁটতে পথ ফুরালেও
মায়াবী মায়া হোক আদিগন্ত,
ছড়িয়ে থাকুক হৃদয় প্রান্তরে অনন্ত।
মেসেঞ্জারের সবুজ বাতি নিভে গেলেও
নিভে না যাক মায়ার কাব্যপ্রদীপ,
নীরব বার্তাদের ভাঁজে ভাঁজে
জেগে থাকুক অদেখা অনুভবের দীপ।
নিশিথের চাঁদনী পশর মেঘাচ্ছন্ন হলেও
মায়ার চাঁদ জেগে থাকুক ঘুমের শিয়রে।
তুমুল বর্ষার সকালে সুর্যোদয় না হলেও,
মায়ার সূর্য মুখ না লুকাক অজানায়।
আমাদের বসন্তফুল উৎসর্গিত হোক
মায়াফুলের নীরব কোন মায়াজালে,
যেখানে শব্দেরা হারিয়ে গেলেও
মায়ারা বেঁচে থাকে এক অনন্তকাল।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।