বৃহস্পতির অমোঘ চক্র
—রফিক আতা—
আমার মনখারাপের স্পর্শ
যখন বৃহস্পতির দীর্ঘতম দিনকে ছুঁয়ে যায়,
আমি নিজেকেই জানিয়ে দিই—
এখানে আর কোনো পালানোর পথ নেই।
বৃহস্পতি আমাকে ছুড়ে দেয়
অতল নস্টালজিয়ার নিষিদ্ধ খাদে—
যেখানে থেমে থাকলেই
স্মৃতিরা রক্তাক্ত হয়ে জেগে ওঠে,
আর ভুলে যাওয়াও হয়ে ওঠে অপরাধ।
মনে রাখবেন—বৃহস্পতি
কেবল একটি বারের নাম নয়,
এটি সময়ের একটি নিষ্ঠুর উচ্চারণ—
যেখানে বিধ্বস্ত বিকেলগুলো
অমোচনীয় স্মৃতির
অমোঘ চক্রে বন্দি হয়ে থাকে।
রচনাকাল
১৮.১২.২৫ ইং
বৃহস্পতিবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।