কোরআনে "ক্ষমা করা" বোঝাতে সব জায়গায় একই শব্দ ব্যবহার করা হয়নি। কখনো غفر (গাফারা), আবার কখনো عفا (আফা) ব্যবহৃত হয়েছে। যদিও উভয়কেই বাংলায় "ক্ষমা করা" বলা হয়, কিন্তু আরবি ভাষায় এদের অর্থগত পার্থক্য রয়েছে।
আল্লাহ বলেন:
«وَإِنِّي لَغَفَّارٌ لِّمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا
"নিশ্চয়ই আমি সেই ব্যক্তির জন্য অবশ্যই পরম ক্ষমাশীল, যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে।"
(সূরা ত্বা-হা ২০:৮২)»
এখানে غفّار শব্দটি غفر ধাতু থেকে এসেছে। এর মূল অর্থ হলো ঢেকে দেওয়া, আবৃত করা। অর্থাৎ আল্লাহ বান্দার গুনাহ ঢেকে দেন এবং তার পরিণতি থেকে রক্ষা করেন।
অন্যদিকে আল্লাহ বলেন:
«فَعَفَا اللَّهُ عَنْهُمْ
"অতঃপর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন।"
(সূরা আলে ইমরান ৩:১৫৫)»
এখানে عفا ব্যবহৃত হয়েছে। عفا-এর মূল অর্থ হলো মুছে ফেলা, চিহ্ন পর্যন্ত বিলীন করে দেওয়া। আরবি ভাষায় বাতাসে পায়ের ছাপ মুছে যাওয়ার ক্ষেত্রেও এই ধাতু ব্যবহৃত হয়।
এই কারণে অনেক ভাষাবিদ বলেন, غفر-এ গুনাহ আড়াল করার অর্থটি প্রবল, আর عفا-তে গুনাহের চিহ্ন মুছে দেওয়ার অর্থটি বেশি প্রকাশ পায়। তাই কোরআনে প্রসঙ্গ অনুযায়ী কখন غفر, আবার কখন عفا ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ, কোরআন "ক্ষমা" বোঝাতে একটি শব্দে সীমাবদ্ধ থাকেনি। কোথাও ক্ষমাকে গুনাহ ঢেকে দেওয়া হিসেবে, আবার কোথাও গুনাহের চিহ্ন মুছে দেওয়া হিসেবে তুলে ধরা হয়েছে। এই সূক্ষ্ম অর্থগত পার্থক্য কোরআনের ভাষাশৈলীর গভীরতা ও নিখুঁত শব্দ নির্বাচনের একটি অসাধারণ উদাহরণ।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।