হতবিহ্বল চোখে ভাস্বর কয়েকটি এপিটাফ,
ক্ষণিক এ পৃথিবী—চিরায়ত সত্যের চিহ্নছাপ।
নিস্তব্ধ কবরপাড়ে ঝরে বিষণ্ন সন্ধ্যার রঙ,
মাটিচাপা স্মৃতিগুলো গায় হারিয়ে যাওয়ার সঙ্গ।
আফনান, আদনান—আরো কত শত শখস।
ওদের প্রতিশ্রুতি ছিল হাতে রেখে হাত,
একসাথে ছুঁবো আকাশ, কিংবা স্বপ্নপ্রপাত।
কালাবর্তের সুনিপুণ থাবায়,
লুকালো কোন সুদূর, কে বা আজ কোথায়।
ওদিকে এলোপথের বাঁকে বাঁশের নিঃশব্দ ঝাড়,
দু-চারিটি সুপারি গাছ, তলে সারিবদ্ধ শবাধার।
শ্যাওলায় ধূসর মলিন এপিটাফে মৃত্যুসন,
কবে, কখন ভুলেছে স্বজন—রাখেনি আর স্মরণ।
এই অবেলায় আনমনে নিহারি অচেনা এপিটাফ,
কফিনবন্দি আর্তনাদ,ওহে রব! করো মোরে মাফ।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।