আত্মবিসর্জনে প্রতিশোধ
শামীমা আকতার
বেলা শেষে আবার—
তোমাতে-আমাতে দেখা,
পুরোনো বন্ধুত্ব, হারানো সময়;
নিজেকেই যেন খুঁজে পাওয়া।
চারদিকে ঝলমলে দিবালোক,
রাতে রহস্যময় চন্দ্রালোক,
হৃদয়ের দিব্যলোকে—
তোমাকে উত্তরীয় দিয়ে যেন
নিজেকেই করলাম বরণ।
প্রিয় সখা মোর—
কোনো কালেই আমি তোমার
ছিলাম না তো সহচর!
সম্পর্কে ছিল যেন মস্ত এক ফাঁকি,
তবু তোমার সুখ চাওয়াই
আমার নিত্যদিনের তপস্যা।
তুমি আমার মুক্ত আকাশ,
খোলা পুকুরে সন্তরণ,
নীল সমুদ্রে অবগাহন,
চপলা ঝর্ণার রিনিঝিনি গান।
তুমি জানলেই না—
আমার যে প্রতিশোধের নেশা,
আমার যে হেরে যাওয়ার নেশা,
আমার যে ঠকবার নেশা—
আমার সে এক অদ্ভুত জেতার নেশা!
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।