আত্মনুসন্ধানের পথিক
আমার ফাঁকা ঘর—
শূন্যতাও আর জাগায় না অনুভব,
বেজে ওঠে কেবল
নিজেকে হারানোর সুর!
দিকবিদিক খুঁজি নিজেকে,
দেখা দেয় আলেয়া রানি;
শুধাই, "দেখেছ কি আমাকে?"
নীল-হলুদ-সবুজ শিখায়
পথ দেখিয়ে দিকভ্রান্ত করে—
প্রেতাত্মার আলো!
সমুদ্রের প্রমত্ত ঢেউয়ে ভেসে যায়
রিং অব ফায়ার থেকে বারমুডা ট্রায়াঙ্গলে।
কোথায় পাব নিজেকে?
আছি কি রকি, আল্পস, হিমালয়ের চূড়ায়?
নাকি আছি ভিক্টোরিয়া, অ্যাঞ্জেল,
নায়াগ্রার উত্তাল জলপ্রপাতে?
ছুটি গোবি থেকে সাহারায়,
হঠাৎ এক মায়াবী মরূদ্যানে
নিজেকেই যেন খুঁজে পাই;
হাঁটু গেড়ে বসি— "কোথায় গিয়েছিলে হারিয়ে?"
মরূদ্যান মৃদু হাসে— "আমি তো মরীচিকা,
তোমারই ব্যাকুল প্রতিফলন।
কেন মিছে ছুটে হও ক্ষতবিক্ষত?
তুমি তো আছ তোমাতেই।"
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।