আমি ছুটে চলি
গ্রহ থেকে নক্ষত্রে,
মিল্কিওয়ে থেকে অ্যান্ড্রোমিডায়;
লক্ষ আলোকবর্ষ পথ পদানত করে—
মুহূর্তে ছুটে বেড়াই
গ্যালাক্সি থেকে গ্যালাক্সিতে।
তারকাদের সাথে করেছি সখ্য—
লুব্ধক যেন দিগন্তের বাতিঘর,
পথের দিশা সন্ধ্যাতারা, শুকতারা;
প্রশান্তির আঁচল পেতে দেয় সপ্তর্ষি।
অথচ, মাত্র কয়েক ইঞ্চি দূরে—
জীবনাকাশের ধ্রুবতারা তুমি;
তোমাকে ছুঁয়ে দেখতে,
একটি জনম কেন কম পড়ে যায়?
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।