দরজার ওপারে
শামীমা আকতার
১১.০৬.২০২৬ খ্রিষ্টাব্দ
দরজার ওপারে
শামীমা আকতার
সেকেন্ড, মিনিট, ঘণ্টা নয়—
দিন, মাস, বছর, যুগ ধরে;
কিসে আমি এত নিমগ্ন ছিলাম,
ভুলেই গেলাম নিজের নাম-পরিচয়!
হঠাৎ কানে ভেসে এলো—
প্রায় বিস্মৃত এক ডাক!
আমি ছুটে যাই—
ঘর, বারান্দা, উঠোন পেরিয়ে;
সজোরে খুলি ফটক।
চারিদিকে নিস্তব্ধতা—
কেউ নেই, কেউ নেই!
এরপর প্রতিদিন শুনি—
আকুল হয়ে কেউ আমায় ডাকছে।
ছুটে গিয়ে দরজায় কান পাতি,
"বাইরে কে আছো?
বিস্মৃতির কোন অতল থেকে এসেছ?”
বাতাসে দীর্ঘশ্বাস ভারী হয়ে আসে;
আকাশ-বাতাস সমস্বরে
ফিসফিস করে—
"কেউ না! কেউ না!"
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।