অন্তিম বিরতি
শামীমা আকতার
আর তো মাত্র কয়েক কদম বাকি,
এবার একটু জিরিয়ে নাও।
এ ছায়া-সুশীতল মাঠে,
একবার শুয়ে দেখো—
কী বিশাল এ আকাশ!
অনেক তো ছুটেছ,
গন্তব্য নয় আর বেশি দূর।
একবার কি দেখবে না—
চেনা মাঠ, সবুজ ধানক্ষেত,
ঘাসের ওপর একটি ঘাসফড়িং,
দোয়েল, শ্যামা, হলদিয়া?
কী অপরূপ এ ধরা!
যা গড়েছ, সবটাই হারিয়েছ—
ঘর-বারান্দা, উঠোন-বাগান,
আশ্রয়-আশ্রিতের কোল,
সুখ-দুঃখ জমানো ব্যাংক।
ছুটতে ছুটতে ক্লান্ত তুমি,
শরীর-মন করেছ ক্ষতবিক্ষত।
যে পথ এসেছ ফেলে,
সে পথের মোহে পড়ো না।
আর মাত্র কয়েক পলক,
তারপরেই শেষ ঠিকানা—
তোমার অন্তিম শয্যা!
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।