শেষ পর্যন্ত এত পথ ঘুরে,
এত প্রশ্নের ভিতর ডুবে,
এত আলো-অন্ধকারকে ছুয়ে,
আমি দাড়ালাম নিজেকেই সামনে রেখে৷
জীবন আমাকে অসংখ্য নাম দিয়েছে –
কখনো স্বপ্নবিলাসী,
কখনো অস্থির,
কখনো শান্ত,
কখনো অদ্ভুতভাবে শক্ত৷
কিন্তু এই সব নামের ভিড়েও
আমি একটাই জিনিস –
"আমি"৷
অবশেষে আমি বুঝলাম –
পরিচয় কোনো সাজানো শব্দ নয়,
কোনো শিরোনাম নয়,
কেও আমাকে কি বলে তাও নয়৷
পরিচয় হলো সেই মানুষ,
যে নিজের ভুল থেকেই শেখে,
অন্ধকারেও আলো খোঁজে,
অস্থিরতার ভেতর থেকেও
নিজেকে হারাতে দেয় না৷
আমি যখন নদী ছিলাম – বয়েছি,
যখন পাহাড় ছিলাম – দাড়িয়েছি,
যখন আকাশ ছিলাম – স্বপ্নে ভেসেছি,
যখন মাটি ছিলাম –আবার নতুন করে জন্মেছি৷
এই সব রূপ, সব ঋতু, সব গল্প
একটু একটু করে গড়ে তুলেছে আমাকে৷
আজ আমি পরিষ্কার বুঝি –
আমাকে কোনো সংজ্ঞায় ধরে রাখা যায় না,
আমি কোনো শব্দে আটকে থাকা মানুষ নই,
আমি কোনো প্রকাশের শেষ সীমাও নই৷
আমি এক চলমান যাত্রা,
এক অসম্পূর্ণ শিল্পকর্ম,
এক জীবন্ত গল্প,
যার প্রতিটি পাতায় বদলে যাই আমি৷
আমি অসাধারণ নই,
তবুও আমি অনন্য৷
আমি সম্পুর্ণ নই,
তবু আমি যথেষ্ট৷
আর সবশেষে শুধু এটুকুই সত্য –
আমি শুধু আমি-ই,
এটাই আমার পরিচয়ের সবচেয়ে গভীর,
সবচেয়ে নির্ভেজাল,
সবচেয়ে নিখুঁত উত্তর৷
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।