এক চিলতে শৈশবের কোলাহল
🖊️—রফিক আতা—
নীরব চারপাশ। থমথমে উঠান-বাড়ি। অদূরে মিটমিট জ্বলছে একটি ল্যাম্পপোস্ট। শূন্য থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ব্যথাতুর গান। সমগ্র আকাশ জুড়ে গোল্লাছুট খেলছে কালো মেঘের দল—কেবল এক চিলতে শৈশবের সাথে মুক্ত গদ্যে কথোপকথন।
উঠোন কোণে একমনে দাঁড়ানো বাদই গাছের পাতাগুলো হঠাৎ দুলে উঠছে এক পশলা শ্রাবণমাখা বাতাসে। বিকেল গড়ানো বৃষ্টির দু-এক ফোঁটা এখনও গড়িয়ে পড়ছে টিনের চাল, গাছের পাতা ও আমড়া গাছ থেকে। এরই মাঝে এক বিশীর্ণ ঝরাপাতার মন নিয়ে দাঁড়িয়ে আছে রফিক আতা। ওর মনের ঘরে কিসের যেন শূন্যতা। নাম না জানা, অহেতুক এক বিষণ্নতা। উঠোনে দাঁড়িয়ে সে কি যেন খুঁজছে, কিন্তু কি খুঁজছে—তা সে জানে না।
হঠাৎ কারো হাঁটার শব্দে সম্বিৎ ফিরে পেল রফিক। চমকে উঠে তাকাতেই দেখে—ওর দাদু।
—আসসসালামু আলাইকুম ওয়া…
—ওয়ালাইকুম আসসালামু ওয়া…
—কেমন আছেন দাদু?
—আলহামদুলিল্লাহ!
—তুই কেমন আছিস? বাহিরে দাঁড়িয়ে আছিস কেন?
—আলহামদুলিল্লাহ, ভালো। এই তো, এমনিই দাঁড়িয়ে আছি।
দাদু ঘরে চলে গেলেন। রফিক আবারো ডুব দিল ভাবনার ঘরে—অতীতের ছলে। ঘরে যাওয়ার কথা একদমই ভুলে গেল। একে একে রফিকের চোখ-সমুদ্রে ঝড় উঠছে অজস্র ধুলোমলিন স্মৃতির। স্মৃতির বাজারে যেন জ্যাম লেগে যাচ্ছে হাজারো স্মৃতির আগমনে।
সে নিশাচর নিস্তব্ধতার মতো নিথর হয়ে ভাবতে থাকে—কিভাবে শৈশব পেরিয়ে কৈশোরের আগমন হয়েছিল তার জীবনমলাটে। কিন্তু ভাবনাগুলো স্পষ্ট নয়। আবছা, মলিন, ধূসর বৃষ্টির মতো। তবুও ভাবে। আশ্চর্য হয়, যখন দেখে কৈশোরও পেরিয়ে গেছে। এখন সে পরিণত যুবক। সমস্ত মুখজুড়ে খসখসে কিসের যেন আনাগোনা। যৌবনের সুরের চিহ্ন মুখাবয়বে স্পষ্ট।
রফিক আতার হঠাৎ মনে পড়ে—একদিন এই উঠোনেই ছিল তার কোলাহলমাখা শৈশব। দাদুর হাতে হাত ধরে বাজারে যাওয়া, বর্ষার দিনে বৃষ্টির ফোঁটা গুনতে গুনতে বাদই গাছের নিচে বসা, আর শীতের রাতে আগুন পোহানোর গল্পমেলা—সব যেন মুছে গেছে সময়ের স্রোতে। বাদই গাছ এখনও আছে, টিনের চাল এখনও বৃষ্টিতে সুর তোলে, কিন্তু সেই শৈশবের পদচিহ্ন যেন ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গেছে।
আকাশের কালো মেঘগুলো এবার দূরে সরে গিয়ে এক টুকরো চাঁদ উঁকি দিল। রফিক দীর্ঘশ্বাস ফেলল। সে জানে, শৈশব আর ফিরবে না। কিন্তু সেই শৈশবের স্মৃতিগুলো তার জীবনভর জ্বলতে থাকা এক নিভু নিভু প্রদীপ—যা তাকে মনে করিয়ে দেবে, সে কোথা থেকে এসেছিল।
বাতাসে বাদই পাতার ঝিরিঝিরি শব্দে যেন শৈশব ফিসফিস করে বলল—"আমি আছি, শুধু চোখ বুজে ডাকো।"
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।