আমরা খুব দ্রুত সিদ্ধান্ত পৌঁছে যাই।
একজন মেয়ের ভুল মানেই – সব মেয়েই এমন।
একজন ছেলের ব্যর্থতা মানেই – সব ছেলেই অসদাচারী।
কিন্তু কখনোই কি প্রশ্ন করি–
আমরা মানুষকে বিচার করছি, নাকি নিজের সুবিধা মতো গল্প বানাচ্ছি?
মেয়েরা টাকা পেলেই চলে যায় অন্য কারো কাছে–এই কথা বলার আগে কেও কি দেখেছে,কত মেয়ে টাকা পাওয়ার পরেও অবহেলিত সংসার আঁকড়ে ধরে থাকে? কত মেয়ে নিজের স্বপ্ন,স্বাধীনতা,এমনকি আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখে?
আর ছেলেরা টাকা বা ক্ষমতা পেলেই ঘরে বউ রেখে অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করে–কিন্তু কেও কি দেখেছে সেই পুরুষদের গল্প, যারা সুযোগ থাকা সত্ত্বেও বিশ্বাস ভাঙ্গে না,নিজের চরিত্রকে শক্ত হাতে ধরে রাখে?
আমরা কিছু মানুষের অসততাকে প্রচার করি,আর অসংখ্য সৎ মানুষের অস্তিত্বকে উপেক্ষা করি–যেন ভালো হওয়াটা কোনো গুরুত্ব রাখে না।
কোনো একটা সম্পর্ক ভাঙলে আমরা আগে ছেলেরা খুঁজি মেয়েদের দোষ,মেয়েরা খুঁজি ছেলেটার দোষ; যেন মেয়ের কিংবা ছেলের দোষ বললেই বলতে পারব সব ছেলেই এক ধরনের,সব গুলো মেয়েই একই রকম ছলনাময়ী। কিন্তু আমরা খুবই কম ই সত্য টা খুঁজি যে আসলেই কার দোষ ছিল কিংবা আসলেই কে মিথ্যা বলেছে ,কে দায়িত্ব এড়িয়েছে,কে সম্মান নষ্ট করেছে।
সত্যিটা খুব পরিষ্কার–
টাকা মানুষকে খারাপ বানায় না,
ক্ষমতা সব মানুষকে বদলায় না,
স্বাধীনতা সব মানুষকে নষ্ট করে না। এগুলো শুধু মানুষের আসল মুখোশ খুলে দেয়।
যার ভেতরে সততা আছে সে সুযোগ পেলেও সৎ থাকে। যার সততা নেই সে সুযোগ না পেলেও অজুহাত দিয়েই সুযোগ তৈরি করে নেয়।
সে ছেলে হোক কিংবা মেয়ে।
আমরা একটা ভন্ড সমাজে বাস করি। যেখানে কিছু মানুষের ভুল কে ঢাল বানিয়ে পুরো একটি গোষ্ঠীকে কাঠগড়ায় দাঁড় করানো হয়।
সব ছেলেই এক,সব মেয়েই এক; এই ' সব ' এর তালিকাটা বানানোর অধিকার আমাদের কে দিলো?
আমরা মানুষ বিচার করি একটা পরিচয় দিয়ে ,হয় সে ছেলে অথবা মেয়ে। কারণ চরিত্র আর সত্য বিচার করার সাহস আমাদের নেই।
কিন্তু একদিন এই প্রশ্নের উত্তর দিতে হবে–আমরা কি সত্যিই ন্যায় চাই?নাকি শুধু অন্যকে দোষী বানিয়ে নিজেকে নির্দোষ করতে চাই?
যেদিন আমরা ছেলে বা মেয়ে নয়,মানুষের সততা ,দায়িত্ব আর বিবেক দিয়ে বিচার করতে শিখবো–সেদিনই সমাজ বদলাবে।
সেদিন আর কাওকে প্রমাণ দিতে হবে না সে ছেলে নাকি মেয়ে,সব ছেলে বা সব মেয়ের মতো না,সবাই এক না।
শুধু মানুষ হওয়াটাই তখন যথেষ্ট হবে।
তার আগে আমরা শুধু কথাই বলব–আর অন্যায় কে নতুন নতুন নামে বাচিয়েই রাখবো।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।