অপূর্ণতা কোথায়
অমিত দত্ত দিলু
কচুরিপানা ঢেকে রাখে যখন ভরা পুকুরের যৌবন,
জলের রূপের বিচার করা কি তখন সমীচীন হয়?
বর্ষার স্রোতে গতি পায় যে নদীর প্রবাহধারা,
কূল ভাঙার অপরাধ কি তার প্রাপ্য পুরস্কার?
অকালে যে ফুল ফোটে বৃক্ষশাখায়,
দেবতার অর্ঘ্যদানে বাধা কোথায়?
পূর্ণিমার আলো যদি ডাকে রাহুর গ্রাস,
চাঁদের কলঙ্ক কি তাতে শোভা পায়?
রাতের আঁধারে যে আলিঙ্গন মধুময় হয়,
নতুনের আগমনে কি কোনো অপূর্ণতা রয়?
রূপ বদলায় সময়ের স্রোতে জীবনের চাকা ঘুরে,
অপূর্ণতার অতলে তবে কোন পূর্ণতা লুকিয়ে থাকে?
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।