হারানো দিনের কবি।
লেখকঃআল-মামুন রেজা
হারিয়ে গেছে শৈশব স্মৃতি স্কুল পালানো দিন
হারিয়ে গেছে বিকেলের মাঠ সুতো বাঁধা দূরবীন,
হারিয়ে গেছে কুয়াশার ভোর রঙিন সকালবেলা
হারিয়ে গেছে মিঠেকড়া রোদ ভাসানো কলার ভেলা।
হারিয়ে গেছে সন্ধ্যার উঠোন বিছানো শীতলপাটি
হারিয়ে গেছে ইট পাথরে ধুলোমাখা সেই মাটি,
হারিয়ে গেছে গোলা ভরা ধান কৃষাণের হাসি মুখ
হারিয়ে গেছে খেয়া পারাপার জলজ নদীর বুক।
হারিয়ে গেছে পাখির বাসা বিন্নি ধানের খৈ
হারিয়ে গেছে নদী ভরা মাছ; রুই চিতল আর কৈ,
হারিয়ে গেছে হৃদয়ের টান দরদী প্রতিবেশী
হারিয়ে গেছে অন্যেতে খোঁজা নিজের হাসিখুশি।
হারিয়ে গেছে রাখাল বালক বিষাদ বাশির সুর
হারিয়ে গেছে ক্লান্ত ঘুঘুর ঘুমিয়ে পড়া দুপুর,
হারিয়ে গেছে গাভীন গাইয়ের শখের কাটা ঘাস
হারিয়ে গেছে মোরগের ছানা জলজ পাতিহাঁস।
হারিয়ে গেছে 'না এলে কেউ' বুকের ভেতর টান
হারিয়ে গেছে একসাথে গাওয়া স্কুলের পিটির গান,
হারিয়ে গেছে কাগজের নাও বানানো উড়োজাহাজ
হারিয়ে গেছে বন্ধু সবাই নেই তারা কেউ আজ।
হারিয়ে গেছে মায়ের বকুনি সন্ধ্যার কুপিবাতি
হারিয়ে গেছে মাটির বানানো পুতুল ঘোড়া হাতি,
হারিয়ে গেছে জোনাকি পোকা খেঁক শিয়ালের ডাক
হারিয়ে গেছে শীতের দিনের অতিথি পাখির ঝাঁক।
হারিয়ে গেছে ছুটে চলা দিন ফড়িঙের পিছুপিছু
হারিয়ে গেছে ডুবিয়ে তোলা শালুক শিংড়া গিছু,
হারিয়ে গেছে বর্ষার জলে বরশি বাঁধা মাছ
হারিয়ে গেছে লুকিয়ে খাওয়া গাব আর ডাবের গাছ।
'হারিয়ে যাব না' বলতো যারা হারিয়ে গেছে সব-ই
হারিয়ে যাবো এই আমিটাও হারানো দিনের কবি।
----------------------------------------------
রচনাকাল-২০২১
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।