প্রেমটা না হয় তোমাকে দেখেই শিখবো।
লেখক: আল-মামুন রেজা।
কতদিন হলো আকাশের পানে দেখিনা
কতদিন হলো কবিতায় প্রেম লিখিনা !
ভাষাগুলো আজ সুদূর নিরুদ্দেশে-
দেয়না ধরা হৃদয়ের কাছে এসে।
তাই নিরুপায় কলম সত্য লেখে,
ভ্রান্তি ভুলে বাস্তববাদ শেখে।
সে বলে কবি,প্রেম নেই কেন ছন্দে ?
হারালো কোথায়?কোন সে প্রতিবন্ধে ?
আমি তারে বলি,দীনতা মোর ঢাকতে
ছন্দে সবাই প্রেম কী পারে আঁকতে ?
ভেবে নাও আমি প্রতিনিধি সেই দলে
লেখে বাস্তব,অপ্রিয় কথা বলে।
মিথ্যে জানি,তবুও এ ভেক ধরি
আমি প্রেমহীন,এমনই জাহির করি
তবু কিভাবে যাও তুমি ঠিক বুঝে
কলমে আমার যন্ত্রণা নাও খুঁজে!
তাই কদাচিৎ এখন প্রেমিক সাজি
সাধ করে হই প্রেমটা লিখতে রাজি।
হোক বেমানান,দিলাম কথা লিখবো
প্রেমটা না হয় তোমাকে দেখেই শিখবো !
প্রকাশিত যৌথ
কাব্যগ্রন্থ :কবির কাব্যে স্বপ্ন
২১ শে বই মেলা ২০২৫ উপলক্ষ্য
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।