জাগরণের ইশতেহার
— হিমানী হিমাদ্রি
শহরের পিচঢালা কালো পথে আজ
রক্তের আল্পনা আঁকা,
ভয় নেই আর সেই দুচোখে যাদের
ছিল শুধু মিথ্যেয় ঢাকা।
তুমি চেয়েছিলে চুপ থেকে যাক
সহস্র কণ্ঠস্বর,
অথচ দেখো সেই মিছিলেই আজ
সাথী হলো পরস্পর।
একদিকে তলোয়ার, একদিকে বুক
জেদটা পাহাড় সমান,
এ লড়াই আজ শুধু বাঁচার নয়—
এ লড়াই আত্মসম্মান।
দেয়ালগুলো আজ কথা বলে ওঠে
রঙ আর তুলির টানে,
মুক্তির স্বাদ ছড়িয়ে পড়েছে
অলিগলি আর ঘুণে ধরা মনে।
শৃঙ্খল যদি পরাতে চাও তবে
জেনে রেখো এই সার—
জোয়ার কখনো বাঁধ দিয়ে কভু
ঠেকানো যায়নি আর।
রাত শেষ হবে, সূর্য উঠবেই
নতুন ভোরের সাজে,
বিদ্রোহ আজ প্রতিটি ঘরে—
প্রতিটি মানুষের মাঝে।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।