শব্দ হীনতার পোস্টমর্টেমে
আজ বসেছি একা,
খুঁজছি—কোন কথাটার মৃত্যুতে
নীরব হলো এই হৃদয়টা?
ঠোঁটের কাছে জমে ছিল
হাজার অসমাপ্ত বাক্য,
কেউ শুনল না—তাই তারা
ধীরে ধীরে হলো নীরব শব।
একটি “থাকো” বলা হয়নি,
একটি “ভালোবাসি” বলা হয়নি,
একটি “আমাকে বুঝো”—
কণ্ঠ পেরিয়ে আর বেরোয়নি।
কথাগুলো মরেনি আসলে,
তারা শুধু কবর নিয়েছে মনে;
রাত গভীর হলে আজও
তাদের পদধ্বনি শুনি গোপনে।
জিজ্ঞেস করলে বলি—
“কিছু হয়নি, আমি ভালো আছি।”
এই মিথ্যেটাই হয়তো
আমার সবচেয়ে দীর্ঘ জবানবন্দি।
শেষে বুঝলাম—
শব্দহীনতার কোনো মৃত্যু নেই;
কিছু কথা না-বলা থাকলেই
তারা আরও গভীর হয়ে বেঁচে থাকে।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।