আমার কলেজ
কলেজের সেই পথটুকু আজও মনে পড়ে,
যেখানে কত সকাল হারিয়ে গেছে ভিড়ের পরে।
কাঁধে ছিল বই, চোখে ছিল স্বপ্নের আলো,
সেই দিনগুলোই বুঝি ছিল জীবনের সবচেয়ে ভালো।
কত মুখ এসেছিল আপন হয়ে কাছে,
কেউ রয়ে গেল স্মৃতিতে, কেউ হারিয়ে গেল আড়ালে।
কত হাসি মিশে আছে করিডোরের দেয়ালে,
কত গল্প আজও নীরবে বাজে মনেরই খেয়ালে।
ক্লাসরুমের বেঞ্চগুলো জানে কত কথা,
কখনো আনন্দ, কখনো অভিমান, কখনো নীরব ব্যথা।
শিক্ষকের কণ্ঠে ছিল ভবিষ্যতের ডাক,
অজান্তেই সেই দিনগুলো জীবন দিল নতুন পাক।
ক্যান্টিনের চায়ের কাপে জমত কত আড্ডা,
ছোট্ট কোনো কথাতেই হতো হাসির বন্যা।
পরীক্ষার আগে ভয়, ফলের আগে আশা,
বন্ধুত্বের হাত ধরে কেটে যেত কত নিরাশা।
আজও যদি ফিরে যাই সেই পুরোনো দ্বারে,
মনে হয়—সময়টা দাঁড়িয়ে আছে আগেরই মতো করে।
শুধু আমরা বদলে গেছি, বদলেছে পথ,
শৈশব-যৌবনের মাঝে হারিয়ে গেছে কত রথ।
আমার কলেজ—তুমি শুধু ইট-পাথরের ঘর নও,
তুমি আমার বেড়ে ওঠার নীরব সাক্ষী, জানো?
তোমার আঙিনায় রেখে এসেছি জীবনের কত দিন,
তোমার স্মৃতির পাতায় আজও আমি সেই রঙিন।
একদিন হয়তো সবাই ছড়িয়ে যাব দূর দেশে,
কেউ থাকবে ব্যস্ত জীবনে, কেউ হারাবে নতুন বেশে।
তবু হঠাৎ কোনো বিকেলে মন যদি ফিরে চায়,
আমার কলেজের স্মৃতিই প্রথম দরজায় দাঁড়ায়।
জীবন যত দূরেই যাক, যত বদলাক সময়,
তোমার স্মৃতি মুছে ফেলা কোনোদিন সম্ভব নয়।
কারণ তুমি শিখিয়েছ শুধু বইয়ের ভাষা নয়—
মানুষ হয়ে বাঁচার মানে, হারিয়ে গিয়েও জয়।
আমার কলেজ, তুমি আমার স্মৃতির এক নীল আকাশ,
তোমার ছায়ায় লুকিয়ে আছে হাসি-কান্নার ইতিহাস।
জীবনের শেষ পাতাতেও যদি স্মৃতি থাকে অল্প,
সবার আগে লিখব তোমারই নাম—
আমার কলেজ।
লেখিকা — মায়াবী ইলমাজ মেঘ
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।