শেষ বিকেলে একদিন
*শেষ বিকেলে একদিন*
শামীমা আকতার
পথ ভুলে একদিন শেষ বিকেলে,
আমার দরজায় দ্বারে আলতো হাত রাখলে।
দীর্ঘদিনের বদ্ধ দরজা দুয়ার খুলতেই—
কনে-দেখা নরম আলো
লাগলো চোখে-মুখে।
হৃদয়ে লাগলো মাতন,
মনে এক অজানা শঙ্কা;
সূর্য যে ডুবো-ডুবো!
সন্ধ্যাপ্রদীপ দপ করে জ্বলে,
চিরতরে গেল নিভে।
গল্পের ডালি সাজালে জোছনালোকে।
গল্প শুনতে শুনতে—
বিভোর হলাম, হলাম তন্দ্রাচ্ছন্ন।
ভোরের আলো ফুটতেই—
চোখ খুলে দেখি চারপাশ ফাঁকা!
যদি আবার কোনোদিন,
পথ ভুলে কিংবা পথ চিনে—
এসে শোনো,
দরজা দুয়ার খোলার লোক
চিরতরে গেছে হারিয়ে।
কেউ আর নেই।
তখন সবার অজান্তে,
হাজারো কাজের ভিড়ে—
হঠাৎ কি আনমনা হবে না?
কিছুক্ষণের তরে থমকে দাঁড়াবে না?
একটুও কি বিষণ্ন হবে না?
মনে কি পড়বে না—
সম্পর্কহীন এক সম্পর্কের কথা?
src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=8800574736353715403" alt="image">
alt="image" src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=8800574736353715403">