তুমি কি সত্যিই ধারণা করতে পারো,
আমার নীরবতার নিচে ঠিক কতখানি বিদ্যুৎ জমে আছে?
আমি সেই ক্ষীণ আলো নই -
যাকে সহজে নিভিয়ে ফেলা যায়;
আমি সেই অগ্নিমেঘ ,
যার ভিতরে জমা থাকে বহুদিনের অপমান আর অদেখা দৃঢ়তা।
তুমি ভাবছো ছায়ায় লুকিয়ে থাকলেই সত্য ধরা দিবে না _
কিন্তু সত্য এমন এক উপস্থিতি,
যা চোখের আড়ালেও নিজের অবস্থান জানায়।
আমাকে বিভ্রান্ত করে রাখার
অসহ্য খেলার মধ্যে তুমি যে দেয়াল তুলে ধরেছিলে,
সেই দেয়াল এখন নিজের ওজনেই ভেঙে পড়ছে।
তুমিই আমাকে ফেলে দিয়েছিলে এক অচেনা গোলকধাঁধার সীমানায়,
সেদিনই আমি শিখেছি,
মানুষের ভিড় কত সহজে হাসে,
কত দ্রুত ভুলে যায় সত্যের রং।
তুমি বিশ্বাস করেছিলে _
আমাকে ভেঙে দিলে আমার ভিতরের আলো নিভে যাবে।
কিন্তু এখন দেখো?
আমার স্থিরতা কিভাবে তোমার সাজানো নাটকের সব মুখোসকে পুরোনো পাতার মতো ঝরিয়ে দিচ্ছে।
আমি আর আগের মতো সহজ নই,
অন্যায়ের স্পর্শ আমাকে নরম করেনি,
বরং আমার সত্তাকে ধারালো করেছে।
যেমন পাথরের গায়ে বারবার ঢেউ এসে
অবশেষে তাকে ছাঁচ করে দেয় নতুন আকৃতিতে।
তুমি যে গোলকধাঁধার মাঝে
নিজেকে অপরাজেয় মনে করতে,
আজ তাই হচ্ছে তোমার দুর্বলতার সর্বোচ্চ প্রমাণ।
আমি প্রতিহিংসার ভাষায় কথা বলিনা,
আমি সত্যের আলোতে দাঁড়াই,
যেখানে কোনো মিথ্যে নিজেকে টিকিয়ে রাখতে পারে না।
সময় আমাকে শিখিয়েছে _
কিছু দূরত্বকে অস্বীকার করা যায় না;
কিছু মানুষকে নিজের জীবন থেকে
শান্তির দরজায় দাঁড়িয়ে বিদায় জানাতেই হয়।
আমি সেই সিদ্ধান্ত নিতে শিখে গেছি।
হ্যাঁ,তুমি একদিন কিছু উপকার করেছিলে,
কিছু পথ খুলে সহজ করেছিলে,
কিন্তু সেই পথ ও তোমার মিথ্যে দিয়ে গড়া ছিল।
আমি এখন সেই মিথ্যাকে মুক্ত করেছি,
নিজেকে মুক্ত করেছি।
আমি খুঁজে নিবো আমার হারানো স্মৃতি গুলো _
যেগুলো আর ব্যথার নয় বরং শক্তির জন্মদাতা।
এখন আমি এমন এক পথে হাটছি_
যেখানে তোমার ছায়াও আমাকে ছুঁতে পারে না....!
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।