অনলে বোনা স্বপ্ন
ধোঁয়া ওঠা মোটা ভাত,
সাথে ভাজা কলমি শাক—
দিতে কি পারিস?
পোড়া মরিচ, একটু পেঁয়াজ—
মনে হবে যেন রাজভোগ।
না, থাক—
ভাতে দিয়ে রাখিস একটু পানি,
সাথে দিস পোড়া মরিচ
আর পেঁয়াজের টুকরোটা;
সকালে খেয়ে নিলেই
শক্তি পাব বেশ।
কাকডাকা ভোরে,
হাতুড়ি নিয়ে বের হই।
কয়দিন যদি করি বাড়তি কাজ—
মায়ের ওষুধ, বাবার লুঙ্গি,
বউয়ের রেশমি চুড়ি,
সোনাইয়ের নাটাই-ঘুড়ি—
সবার মুখের হাসিতেই
মিটে যাবে ক্লান্তি।
টুং-টাং… টুং-টাং…
কামারশালায় লোহা পেটাই,
আর হিসাব মেলাই—
এক… দুই… তিন… চার…
আগুনের ফুলকি ছড়িয়ে-ছিটিয়ে যায়;
সাথে ছিটকে যায় হিসাবের খাতা।
রঙিন স্বপ্নগুলো অনলে—
বারবার কেন হয় ছাই?
src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=10989781520415077535"> src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=9179742330950988050">