ক্যাকটাস
হে মরুচারী!
খাঁ-খাঁ মরু থেকে
তুলে এনেছিলে এক ক্যাকটাস—
বুকে ছিল যার আজন্মের তৃষ্ণা।
দেহে তার সহস্র সুঁই—
তবু নকশা করতে পারে না কভু
বাহারি পাতা-ফলের উদ্যান।
নেই কারো স্পর্শ, নেই৷ নেই উষ্ণতার অনুভব
তবু তার অস্তিত্ব রক্ষার
কী নিদারুণ সংগ্রাম!
বড় অনাদরে ঠাঁই হয়
গোলাপ, গাঁদা আর টগরের ভিড়ে।
হঠাৎ কোনো আনমনা ক্ষণে
কী মনে করে—
ছিটিয়ে দাও যদি ক’ফোঁটা জল,
তাতেই সে ধন্য হয়,
মিটে যায় তার বুকের পিয়াস।
কোনো এক বসন্তে
ক্ষণিকের তরে যৌবন আসে ধীরে;
তবু সবুজ চাদর গায়ে জড়িয়ে
জীবনের জয়গান সে গায়,
আর আজীবন বয়ে বেড়ায়—
ধূলি-ধূসরিত মরুর হাহাকার।
alt="image" src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=9399724141122829314">#
src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=9399724141122829314" alt="image">#