দূরত্বের শব্দ
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্যকবিতা | জানুয়ারি ২২, ২০২৬
সিরিজ-নিঃশ্বাসের চক্র-১০
খুব দূরে যেন কোনো সুর ভাসে,
ভাঙা তরঙ্গের মতো—রেডিওর রাতজাগা কণ্ঠ।
চেনা ভাষা নয়, তবু বুকের ভেতর কাঁপন তোলে,
যেন কোথাও কিছু থেমে গেছে, অথচ সব চলছে।
পৃথিবীর এক কোণে নেমে আসে পালকহীন পাখি,
দেশের নাম ভুলে তারা সন্ধ্যার গায়ে লেপ্টে থাকে।
এখানে টেবিলের উপর ছড়িয়ে থাকে কাগজ,
অকারণেই জন্ম নেয় এক মুখ—আলো না, দ্যুতি।
ধূসর দিনের ভেতর সেই দ্যুতি হঠাৎ জ্বলে ওঠে,
যখন ইচ্ছেরা ক্লান্ত, আকাঙ্ক্ষা হাঁপিয়ে পড়ে।
মনে পড়ে যায় সাইরেনভরা কোনো সংবাদকণ্ঠ,
যে একদিন সব নীরবতা ভেঙে দিয়েছিল।
খবরে যুদ্ধ ছিল, ভূমিকম্প ছিল,
কিন্তু কোথাও জীবন লুকিয়ে ছিল সুরের আড়ালে।
এতটাই পুরোনো সে অনুভব,
ইতিহাসও তাকে আর ছুঁতে পারে না।
প্রতিচ্ছবিরা ভেঙে পড়ে স্মৃতির জলে,
স্নায়ুর ভেতর জমে থাকে অচেনা ঢেউ।
একটা রূপকথা চাই আজ—
প্রার্থনার চেয়েও বেশি কাঁপা কোনো ইচ্ছা।
কিন্তু পুকুরঘাটে কেউ নামে না কলস কাঁখে,
কোনো কিশোরীগন্ধ বাতাসে ভাসে না।
দূরে না কাছে—সে প্রশ্ন অর্থ হারায়,
অধরা কায়া কেবল অনুভবে থাকে।
হয়তো দূরত্ব ভুলে যাওয়াই একমাত্র উপায়,
এই শীতল অসুখের এটাই শেষ চিকিৎসা—
আজ, এই অসময়ের ভেতর।
#আধুনিকবাংলাকবিতা #দূরত্বেরশব্দ #রেডিওনস্টালজিয়া #অধরাঅনুভূতি #নীরবতারকবিতা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।